সংসদ বর্জন করে কথা রাখেনি বিএনপি
বিএনপি নির্বাচনী ইশতেহারে বলেছিল, ‘নিয়মতান্ত্রিক ওয়াকআউট ছাড়া কোনো দল সংসদ বর্জন করতে পারবে না। টানা ৩০ কার্যদিবস বর্জন করলে সংশ্লিষ্ট সদস্যের সংসদ সদস্যপদ বাতিল হবে।’ কিন্তু বিএনপির সাংসদেরা সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার পর প্রথম দফায় টানা ৪৮ কার্যদিবস সংসদ বর্জন করেছেন। এরপর যোগ দিয়ে দ্বিতীয় দফায় টানা আরও ৫০ কার্যদিবস সংসদ বর্জন করেন।সংসদে সামনের সারিতে আসন বাড়ানোর দাবিতে বিএনপি সংসদ বর্জন শুরু করে। এরপর অবশ্য এর সঙ্গে সংসদে কথা বলতে না দেওয়াসহ মোট আট দফা দাবি যুক্ত হয়। এ ছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষায় আইনি পরাজয়ের পর দলের সাংসদদের পদত্যাগপত্রে সই নিয়ে রাখা হয়।লাগাতার সংসদ বর্জনের কারণে রাজনীতির দুই বছরে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। এ ক্ষেত্রে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। খালেদা জিয়া দুই বছরে মাত্র পাঁচ দিন অধিবেশনে যোগ দিয়েছেন। বিএনপির সাংসদেরা অবশ্য অধিবেশন বর্জন করলেও ভাতা, অন্যান্য সভায় যাওয়া ও বিদেশভ্রমণে নিয়মিত অংশ নিচ্ছেন।বারবার সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়ে দুই বছরে বিএনপি রাজপথে থাকলেও আন্দোলন জমাতে পারেনি। জাতীয় ইস্যুতে আন্দোলনের কথা বললেও দলটির সব কর্মকাণ্ড ছিল মূলত খালেদা জিয়ার বাড়ি রক্ষা আর তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের মামলা ঘিরে। চেয়ারপারসনকে সেনানিবাসের বাড়ি থেকে ‘উচ্ছেদে’র প্রতিবাদে দলটি দুই দিন দেশব্যাপী হরতাল পালন করেছে।দুই বছরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়েনি। এ নিয়ে শরিকদের মধ্যে ক্ষোভও আছে। তবে বিএনপি এখন জোটের রাজনীতি নিয়ে তেমন কিছু ভাবছে না বলে জানা গেছে। আপাতত দলটি একলা চলো নীতিতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বিএনপির নেতারা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় নানা সংকটে নিমজ্জিত বিএনপি গত দুই বছরে সাংগঠনিকভাবে অনেকটা শক্তিশালী হয়েছে। তাঁরা বলছেন, দুই বছরে সাংগঠনিকভাবে যেমন অনেকটা গুছিয়ে উঠেছে, তেমনি বিরোধী দল হিসেবে সরকারের কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসেছে। তাঁদের মতে, ২০০৯ সালটি ছিল দলের জন্য সফলতার বছর, ঘুরে দাঁড়ানোর বছর। আর ২০১০-এ দলের পক্ষে ও সরকারের বিরুদ্ধে জনমত গঠনের বছর।একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, সংসদকে কার্যকর করতে বিএনপি যথাযথ ভূমিকা রাখতে পারেনি। তা ছাড়া দলের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় নানা কর্মকাণ্ডে বিএনপিকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। অন্যদিকে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, সাংগঠনিকভাবে বিএনপির অবস্থা কিছুটা ভালো হলেও বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, বিরোধী দল আত্মরক্ষা করবে, নাকি সংসদ কার্যকর করবে, সেটা তো দেখতে হবে। গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সংসদকে কার্যকর করতে বিরোধী দলের ব্যর্থতা রয়েছে। তবে এটাও ঠিক, বিরোধী দল সংসদে যাওয়ার ব্যাপারে বরাবরই আগ্রহ দেখিয়ে এসেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিএনপি সংসদে যেতে চায়। কিন্তু সরকার পরিবেশ সৃষ্টি করছে না। একই কথা বলেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা।তবে বিএনপির এই দাবিকে অযৌক্তিক বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। তিনি বলেন, সংসদ কারও সম্পত্তি নয়। এখানে কেউ কাউকে আসতে বাধা সৃষ্টি করতে পারে না। আলাদা পরিবেশ সৃষ্টিরও প্রয়োজন নেই। তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব পালনে বিএনপি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।সাংগঠনিক অবস্থা: বিএনপির নেতারা মনে করেন, গত দুই বছর ছিল বিএনপির জন্য সাংগঠনিক বছর। নানা ভাগে বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক অবস্থাকে স্থিতিশীল পর্যায়ে আনাই ছিল বড় চ্যালেঞ্জ। গত বছর দলটি এই চ্যালেঞ্জ মোকাবিলা করে অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে।বিএনপির সূত্র জানায়, বিএনপির ১৩ জেলায় এখনো কাউন্সিল হয়নি। তা ছাড়া শতাধিক জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কমিটি হয়নি। সদস্য সংগ্রহ অভিযানের লক্ষ্যও অর্জিত হয়নি। তৃণমূলে কোন্দল তো আছেই।কমিটি গঠন নিয়ে দলের কেন্দ্রীয় কিছু নেতার বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থাও ছিল করুণ। নতুন কমিটি হলেও এদের রাজপথের কর্মসূচিতে খুব একটা দেখা যায়নি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, তৃণমূল নেতাদের মতামত সংগ্রহ, সদস্য সংগ্রহ অভিযান, তৃণমূলের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে পুরোপুরি না হলেও অনেকাংশে দলটি সফল হয়েছে। তা ছাড়া অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। দল ঘুরে দাঁড়িয়েছে। দলীয় কর্মকাণ্ডে তেমন বড় কোনো ব্যর্থতা নেই।এমাজউদ্দিন আহমদ বলেন, বিএনপি অসংগঠিত ও দুর্বল ছিল। সে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কাউন্সিল অনুষ্ঠানের আগে ও পরে দলটির সাংগঠনিক অবস্থার ব্যাপক পার্থক্য লক্ষ করা যায়। দল ও নেতা-কর্মীরা এখন অনেকটা তৎপর।