রাজশাহীতে বিবিসি বাংলাদেশ সংলাপে বক্তারা
সংসদ বর্জন ঠেকাতে শুধু আইন নয়, দরকার দায়িত্ববোধ
শুধু আইন করে জাতীয় সংসদ বর্জন ঠেকানো যাবে না, এ জন্য দরকার দেশপ্রেম ও দায়িত্ববোধ। আজ শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে দর্শক ও প্যানেলে উপস্থিত বেশির ভাগ সদস্য এই মত দিয়েছেন। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ শাহরিয়ার আলম, রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাদিম মোস্তফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী ও সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। অনুষ্ঠানটি প্রযোজনা করেন বিবিসির ওয়ালিউর রহমান মিরাজ ও উপস্থাপনা করেন আকবর হোসেন। আগামীকাল রোববার রাত আটটায় ও সোমবার রাত সাতটা ৫০ মিনিটে চ্যানেল আইতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।অনুষ্ঠানে দর্শকদের কাছ থেকে পাঁচটি প্রধান প্রশ্ন নেওয়া হয়। প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে অনেকগুলো সম্পূরক প্রশ্ন নেওয়া হয়। প্যানেল সদস্যরা সেগুলোর ওপর তাঁদের মতামত দিয়েছেন। অনুষ্ঠানে প্রথম প্রশ্ন ছিল, দলগতভাবে জাতীয় সংসদ অধিবেশন বর্জন বন্ধ করতে টিআইবি যে আইন করার প্রস্তাব করেছে, তা কতটা বাস্তবসম্মত। জবাবে বেশির ভাগ প্যানেল সদস্য ও দর্শক বলেন, শুধু আইন করে এ দেশে দলগত সংসদ বর্জন ঠেকানো যাবে না। সাংসদদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করা দরকার। দোষ স্বীকার করার পর ক্রিকেটার আশরাফুলকে শাস্তি দেওয়ার ব্যাপারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই লঘু দণ্ড দেওয়ার পক্ষে মত দিয়েছেন। আবার কেউ কেউ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অনুষ্ঠানে রাজশাহীতে নির্বাচনের আগে সীমিত আকারে গ্যাস-সংযোগ দেওয়ায় নির্বাচনকে প্রভাবিত করার পক্ষে-বিপক্ষে মতামত পাওয়া গেছে। সর্বশেষ কৃষিতে ভর্তুুকি দেওয়ার বিপক্ষেও মতামত দিয়েছেন বেশির ভাগ দর্শক ও প্যানেল সদস্য।