সংসদ বসার আগে দুই চিফ হুইপের বৈঠক, ফল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার (২০ সেপ্টেম্বর) সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সরকার ও বিরোধী দলের দুই চিফ হুইপের বৈঠক হলেও অচলাবস্থা ভাঙার কোনো লক্ষণ দেখা যায়নি।তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী গতকাল সংবাদ সম্মেলনে সংসদের আগামী অধিবেশনে বিরোধী দলের ফেরার ইঙ্গিত দিয়েছেন। যদিও বিএনপির একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করেও এর সত্যতা মেলেনি। বরং সূত্রগুলো বলছে, বিএনপির এ অধিবেশনে যোগ দেওয়া এখনো অনিশ্চিত।সংসদের শরৎকালীন অধিবেশন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এটি হবে নবম জাতীয় সংসদের সংক্ষিপ্ততম অধিবেশন। প্রথম দিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে। প্রধান বিরোধী দল বিএনপি টানা সংসদ বর্জনের মধ্যে গত বাজেট অধিবেশনের প্রথম দিন (২ জুন) এক দিনের জন্য সংসদে ফিরেছিল। দেড় বছরে পাঁচটি অধিবেশনে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র পাঁচ দিন সংসদে যোগ দেন। বিরোধী দলের উপনেতাও নির্বাচন করা হয়নি এখনো। ২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়। ৩৪৫ আসনের এ সংসদে বিএনপির সদস্যসংখ্যা ৩৫।বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক প্রথম আলোকে বলেছেন, বিএনপি এখনো সংসদে ফেরার সিদ্ধান্ত নেয়নি। তবে এখনো সময় আছে, দেখা যাক কী হয়। বিএনপি জনগণের অধিকার রক্ষার দাবিতে সংসদ বর্জন করছে বলে মন্তব্য করেন তিনি।স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে প্রথম আলোকে বলেছেন, অধিবেশনে যোগ দিয়ে তাঁদের কোনো সমস্যার কথা বললে সংসদ নিশ্চয়ই তা সমাধানের চেষ্টা করবে। এভাবে সংসদ বর্জন বিরোধী দলের রাজনীতির জন্যও ভালো নয়।দুই চিফ হুইপের বৈঠক: বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ গতকাল দুপুরে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের সঙ্গে আকস্মিক বৈঠক করেন। সংসদ ভবনে বিরোধীদলীয় চিফ হুইপের কার্যালয়ে এ বৈঠক হয়।প্রায় আধাঘণ্টার এ বৈঠকে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। এ ব্যাপারে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথাও বিরোধীদলীয় হুইপকে তিনি জানান। বৈঠকের আগে আবদুস শহীদ ফোনে কথা বলেন বিরোধী দলের চিফ হুইপের সঙ্গে।বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, সরকারি দল আন্তরিকভাবে চায়, বিরোধীদলীয় সদস্যরা সংসদে এসে কথা বলুন। কারণ সংসদে জনগণের কথা বলার প্রতিশ্রুতি দিয়েই তাঁরা নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীও চান, সংসদের সব ধরনের কার্যক্রমে বিরোধী দল অংশ নিক। সে জন্যই তিনি নিজে বিরোধী দলের চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অধিবেশনে ফিরতে বলেছেন।যোগাযোগ করা হলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, বিরোধী দল তো সংসদ বর্জন করেনি। বিভিন্ন দাবিতে সংসদে যাচ্ছে না। এখন সরকার বিরোধী দলের ন্যায়সংগত দাবি মেনে নিলেই তাঁরা সংসদে ফিরবেন। তা ছাড়া সংসদের বিভিন্ন কমিটির বৈঠকসহ অন্যান্য কার্যক্রমেও তাঁরা তো নিয়মিত অংশ নিচ্ছেন।জানা যায়, বিরোধী দলের পক্ষ থেকে সংসদের আগামী অধিবেশন নিয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সংসদের সামনের সারির আসন, বিরোধীদলীয় নেত্রীর সেনানিবাসের বাসভবনসহ বেশ কিছু বিষয়ে বিএনপি সংসদ বর্জন করছে।সংসদে ফেরার ইঙ্গিত: সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে এমন কিছু স্পর্শকাতর ঘটনা ঘটেছে, যাতে বিএনপির বক্তব্য সংসদে রেকর্ড থাকা দরকার। সেই দিক বিবেচনা করে সংসদে যাওয়া দরকার। গতকাল দুপুরে ধানমন্ডির বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংসদে যাওয়া না-যাওয়া নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর কথা হয়েছে।সাকা চৌধুরী বলেন, সংসদ বাদ দিয়ে আন্দোলন হয় না। জনগণের দাবি আদায়ে ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে বিএনপি অবশ্যই সংসদে যাবে। তিনি বলেন, শর্ত না মানলে বিএনপি সংসদে যাবে না—‘এ শর্ত আরোপের মধ্যে আমি ছিলাম না।’এত দিন সংসদের বাইরে থাকার সিদ্ধান্ত ভুল ছিল কি না, এমন প্রশ্নের জবাবে সাকা চৌধুরী বলেন, ‘রাজনীতিতে কিছু সিগন্যালের ব্যাপার আছে। সংসদের বাইরে থাকার বিষয়টি ছিল সরকারের জন্য একটি সিগন্যাল। কিন্তু সরকার তা না বুঝলে আমাদের বিকল্প পন্থা বের করতে হবে।’সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, সরকারবিরোধী আন্দোলনের কৌশল নতুন তরিকায় হবে। আন্দোলন বলতে শুধু মুক্তাঙ্গন, নাইটিঙ্গেল আর কাকরাইল মোড়ে জ্বালাও-পোড়াও নয়। এবার আন্দোলন হবে সংসদের ভেতরে-বাইরে, বাসে-লঞ্চে, পাড়ায়-পাড়ায়, অলিতে-গলিতে।কার্য উপদেষ্টা কমিটির সভা: গতকাল বিকেলে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় আসন্ন অধিবেশনের সময়সূচি ও কার্যতালিকা নিয়ে আলোচনা হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের চিফ হুইপ আবদুস শহীদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বিরোধী দলের কেউ এতে যোগ দেননি।