সংসদ বহাল থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, নির্বাচন কমিশনকে যতই শক্তিশালী করা হোক, বর্তমান সংসদ বহাল থাকলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আবার সংসদ বহাল রেখে নির্বাচন হলে, সরকারি দল ইচ্ছা করলে ৯০ ভাগ আসন পাওয়ার পরও ফলাফল বাতিল করে দিতে পারবে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘দেশের রাজনৈতিক অচলাবস্থা উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় আকবর আলি খান এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বর্তমান সংবিধানের ১২৩ (৩) উপ-অনুচ্ছেদ তুলে দেওয়ার পক্ষে মত দেন আকবর আলি খান। ওই অুনচ্ছেদে উল্লেখ রয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে বা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে।’আকবর আলি খান বলেন, ‘এই সংসদ বহাল রেখে নির্বাচন হলে সাংসদদের সুযোগ-সুবিধা দিতে নির্বাচন কমিশনের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। তাই এ বিধান তুলে দেওয়া উচিত। না তুলে দিয়ে নির্বাচনে গেলে, আমি যে ফলাফল বাতিলের আশঙ্কা করেছি, তা কেউ উড়িয়ে দিতে পারে না।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারে বিরোধী দলের যোগ দিতে অসুবিধা কোথায়। কিন্তু সংবিধান প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দিয়েছে, এতে বিরোধী দল থেকে ১০ মন্ত্রী নিলেও কোনো কাজ হবে না।’ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে আকবর আলি খান কয়েকটি বিকল্প প্রস্তাব দেন। তার মতে, সুপ্রিম কোর্ট থেকে পাঁচ বা ১০ বছরের মধ্যে অবসরে যাওয়া বিচারপতিদের মধ্যে থেকে একজনকে লটারির মাধ্যমে নির্বাচন করা যেতে পারে। অথবা ১৫-২০ জনের একটি তালিকা থেকে উভয় পক্ষের সম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন করা যেতে পারে। এটি করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধানের ভেতরে সমাধান চাইলে সরকারি দল থেকে প্রধানমন্ত্রী ছাড়া চারজন মন্ত্রী এবং বিরোধী দল থেকে পাঁচজন মন্ত্রী ঠিক করা যেতে পারে। দুই পক্ষ দুই পক্ষের মন্ত্রীদের নির্বাচন করবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমান।