সংসদ ভবন এলাকার নিরাপত্তা জোরদার করতে সংসদীয় কমিটির সুপারিশ
জাতীয় সংসদের সংসদীয় কমিটি সংসদ ভবন ও সাংসদদের ভবন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতা বাড়ানোর সুপারিশ করেছে। সংসদ ভবনে আজ বুধবার কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য হুইপ আ স ম ফিরোজ, এম এ মান্নান, হাফিজ উদ্দিন আহম্মেদ ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান অংশ নেন।সভায় জাতীয় সংসদ এলাকা ও সাংসদদের ভবনের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নয়ন-কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সাংসদদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে সাংসদেরা বসবাস করেন কি না, তা অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপনের জন্য সংসদ সচিবালয়কে নির্দেশনা দেওয়া হয়। সদস্য ভবনের প্রবেশদ্বারগুলোয় অস্থায়ী লোকের পরিবর্তে সিকিউরিটি সার্ভিসের লোকবল নিয়োগের জন্য সভায় সুপারিশ করা হয়।সভায় জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সংসদ সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়।সংসদ সচিবালয়, গণপূর্ত বিভাগ, ঢাকা সিটি করপোরেশন ও ডিএমপিসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।