সংসদ ভবন এলাকায় সাংসদের গাড়িতেই ঘটনা ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদের মৃত্যু দুর্ঘটনাবশত আর পরিকল্পিত—যেভাবেই হোক, তা সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনের পাজেরো গাড়ির ভেতরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন গোয়েন্দা সদস্যরা। তাঁরা মনে করছেন, ঘটনার সময় গাড়িটা সংসদ ভবন এলাকাতেই পার্ক করা ছিল।ইব্রাহিমের মৃত্যুর ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার নুরুন্নবীর পাজেরো গাড়িটি পরীক্ষা করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার তদন্তের দায়িত্ব নিয়ে এ পর্যন্ত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে গেয়েন্দা পুলিশ।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান জানান, গতকাল সাংসদের পাজেরো গাড়িটা পরীক্ষা করা হয়েছে। গাড়ির মাঝের সিটের বাঁ পাশে, সিটের নিচে, সিটবেল্টে ও দরজায় রক্তের শুকিয়ে যাওয়া দাগ দেখা গেছে। এ ছাড়া এর আগের জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্য থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ইব্রাহিমের অপমৃত্যু বা হত্যাকাণ্ড যা-ই ঘটুক না কেন, তা এই গাড়িতেই হয়েছে এবং গাড়িটা তখন সংসদ ভবনে এজাহারে উল্লেখিত জায়গায় পার্ক করা ছিল। তবে বিষয়গুলো আরও যাচাই-বাছাই করা হচ্ছে।১৩ আগস্ট ঘটনার পর পাজেরো গাড়িটি জব্দ করে ওই দিনই সাংসদ নুরুন্নবীর জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। গাড়িটি ব্যবহার করছেন সাংসদ। এক প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, এজাহারে যেভাবে বলা হয়েছে বা জিজ্ঞাসাবাদের বক্তব্যে যেভাবে এসেছে, পিস্তলটা সেভাবে গাড়ির মধ্যে রাখা ছিল কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়ির সিটের পেছনে পকেট রয়েছে। সেখানে পিস্তল রাখার সুযোগও রয়েছে। তবে সেখানেই পিস্তলটা ছিল কি না, তা জিজ্ঞাসাবাদে কারও বক্তব্যে পাওয়া যায়নি। অথচ অপমৃত্যুর মামলার এজাহারে বলা হয়েছে, গাড়ির পেছনের সিটে রাখা ছিল পিস্তলটা। সেটা নিয়ে নাড়াচাড়ার সময়ই ইব্রাহিম দুর্ঘটনাবশত ডান গালে গুলিবিদ্ধ হন।ডিবির অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে ইব্রাহিম ছাড়া আর কে কে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চালক কামাল হোসেন কাছেপিঠেই ছিলেন।কর্মকর্তারা জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে যে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের ঢাকা ত্যাগ না করার জন্য বলা হয়েছে। আর নুরুন্নবীর পিস্তল, গুলি, গুলির খোসা এবং রক্তসহ সব আলামত আদালতের নির্দেশে রাসায়নিক ও বিস্ফোরক পরীক্ষার জন্য গতকাল সিআইডিতে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ।১৩ আগস্ট রাতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যান কয়েকজন। ওই রাতেই ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ওরফে কালার অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা নেয় শেরেবাংলা নগর থানার পুলিশ। মামলায় বলা হয়, সাংসদের পাজেরো গাড়ির ভেতর তাঁর লাইসেন্স করা পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় গুলি বেরিয়ে দুর্ঘটনাবশত নিহত হন ইব্রাহিম। মামলার এই বক্তব্যের ঘোর বিরোধিতা করে ইব্রাহিমের পরিবার। এরপর গত বুধবার নিহতের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী, চালক কামাল হোসেনসহ আটজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।