সংসদ ভবন ঘেঁষে মেট্রো রেলপথ অগ্রহণযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবন এলাকার পূর্ব সীমানা ঘেঁষে সরকারের মেট্রো রেলপথ তৈরির পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছেন দেশের বিশিষ্ট স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদেরা।গতকাল শনিবার সকালে সংসদ ভবন চত্বরের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে প্রতীকী গণ-অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। সংসদ ভবনের পাশ দিয়ে মেট্রো রেলপথ না করে বিজয় সরণির নভোথিয়েটারের পাশ দিয়ে করার দাবিতে এই অনশন করা হয়।অনশনে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেছেন, এই পথে মেট্রোরেল হলে সংসদ ভবনের স্থাপত্য ঐতিহ্য নষ্টের পাশাপাশি খামারবাড়িতে অবস্থিত ভারতবর্ষের প্রথম কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ইসলামিয়া দাতব্য চক্ষু হাসপাতাল ও ফার্মগেটের আনোয়ারা পার্ক ক্ষতিগ্রস্ত হবে।বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আর্কিটেক্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বুয়েট (আর্কঅ্যাব), ঢাকা আমার ঢাকাসহ কয়েকটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনশনে সংহতি প্রকাশ করেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, ‘জাতীয় সংসদ ভবন স্থাপত্যের দিক থেকে অনন্য। এই সংসদ ভবনকে আমরা জনগণের সার্বভৌমত্বের প্রতীক বলি। আগেও এই ভবনের বিচ্যুতি হয়েছে। এখন মেট্রোরেলের মাধ্যমে যে বিচ্যুতি ঘটতে যাচ্ছে, তা স্থায়ী কলঙ্ক লেপন করবে।’শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘যদি কখনো দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধ বাধে, তবে ঢাকার প্রাণকেন্দ্রে বিমানবাহিনীর সামরিক বিমানবন্দর থাকার কারণে এই ঘনবসতিপূর্ণ শহরের মানুষের কী বেহাল দশা হবে, তা আমাদের ভেবে দেখা দরকার।’ তিনি বলেন, সিঙ্গাপুর, হংকংসহ বিশ্বের বড় বড় শহরের বিস্তার না ঘটিয়েও অধিক মানুষের বসবাসযোগ্য করার জন্য শহরটিকে আকাশচুম্বী করা হচ্ছে। অথচ পুরাতন এই বিমানবন্দর থাকার কারণে ঢাকার ৪৪ হাজার একর জমির ওপর কোনো উঁচু ভবন তৈরি করা যাচ্ছে না।আইনজীবী শাহ্দীন মালিক বলেন, ‘আমরা দুনিয়ার সবচেয়ে খারাপ শহরের একটিতে বসবাস করছি।’ এর জন্য তিনি উন্মুক্ত স্থানগুলো দখল করে নেওয়া এবং কেবল নিজের ভাগ্যোন্নয়নে ব্রতী রাজনীতিকদের দায়ী করেন।গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলনের সদস্যসচিব মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের অধিকার আছে, আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারি, কেন পূর্বপরিকল্পিত রুট বাদ দিয়ে তড়িঘড়ি করে একটি বিশেষ মহলের সুপারিশে আনোয়ারা পার্ক, ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও জাতীয় সংসদ চত্বর অধিগ্রহণ করে অপরিকল্পিত রুটকে বেছে নেওয়া হচ্ছে।’স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘স্থপতি ও নগর পরিকল্পনাবিদেরা আড়াই-তিন বছর ধরে গবেষণা করে বলছেন, বিজয় সরণির পথই ভালো লোকেশন। হঠাৎ তিন সপ্তাহের মধ্যে কোনো বিশেষজ্ঞ বলছেন যে সংসদের পাশ দিয়েই ভালো হবে! আমরা জানতে চাই, তাঁরা কারা?’মোবাশ্বের হোসেন সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘পৃথিবীতে একজন পরিকল্পনাবিদ নিয়ে আসুন, যিনি বলতে পারেন, শহরের কেন্দ্রবিন্দুতে এয়ারফোর্স থাকতে পারে।’ তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আসলে আমরা এই নিদর্শনের উপযুক্ত নই। এটা হচ্ছে আমাদের জন্য “বানরের গলায় মুক্তার মালা”।’স্থপতি রবিউল হোসাইন বলেন, ‘সংসদ ভবনকে বিশ্ব স্থাপত্য ঐহিত্য ঘোষণা করা হোক, যাতে কেউ এর পরিবর্তন করতে না পারে।’ পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান বলেন, ‘হাইকোর্ট সংসদ ভবনের বিষয়ে একটা রায় দিয়েছেন। সেটাকে অনুসরণ করলে সংসদ ভবনের নকশা পরিবর্তন করে কিছু করার উপায় নেই। সরকারকে কেন আঙুল দিয়ে দেখিয়ে বলতে হবে যে এটা আমাদের ঐতিহ্য।’ এ ছাড়া স্থপতি ইকবাল হাবিব, স্থপতি জালাল আহমদ, বিআইপির সভাপতি গোলাম রহমান, আর্কঅ্যাবের সভাপতি সাজ্জাদুর রশিদ, ঢাকা আমার ঢাকার সমন্বয়কারী সাগর লোহানী, রিহ্যাবের সাবেক সভাপতি আবদুল আউয়াল, শিল্পী ও স্থপতি আলী ইমাম, স্থপতি শামসুল ওয়ারেশ প্রমুখ অংশ নেন। অনশনে গ্রীন ভয়েস, মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম, মুক্তিযোদ্ধা সন্তান শিল্পী পরিষদ, সেবা, সিটিজেন রাইটস মুভমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।