সংসদ ভবনে অপ্রয়োজনীয় বাতি না জ্বালাতে বলেছে সংসদীয় কমিটি
জাতীয় সংসদ ভবনে অপ্রয়োজনীয়ভাবে বাতি না জ্বালাতে বলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সংসদ ভবনের ময়লা-আবর্জনা সরাতে এর ব্যবস্থাপনা উন্নত করতে পূর্ত অধিদপ্তরকে বলা হয়েছে। দ্রুততম সময়ে পূর্ত মন্ত্রণালয়কে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা উত্থাপন করেন কমিটির সদস্য ও হুইপ নূর-ই-আলম চৌধুরী। জাতীয় সংসদ ভবন এলাকার ময়লা ও আলোক বাতি ব্যবস্থাপনার অনিয়মের ব্যাপারে তিনি মন্ত্রণালয়েরও হস্তক্ষেপ কামনা করেন। সভায় বলা হয়, পূর্ত বিভাগের অবহেলার কারণে অনেক সময় দিনের বেলাতেও সংসদ ভবন এলাকায় বাতি জ্বলতে দেখা যায়।কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবদুছ ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী ও সাফিয়া খাতুন উপস্থিত ছিলেন। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় সংসদ ভবন এলাকায় স্পিকারের অনুমতি ছাড়া কোনো কাজ না করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।সভায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে এ আইনের ৩৮ ধারা অনুযায়ী প্রণীতব্য বিধিমালার খসড়া নিয়ে আলোচনা ও তা অনুমোদন করা হয়। ফজলে করিম চৌধুরী জানান, সামান্য কিছু বানান পরিবর্তন ছাড়া বিধিমালায় বড় ধরনের কোনো সংশোধনী আনেনি কমিটি। এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়।