সংসদ ভবনের আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন উপলক্ষে আগামীকাল শনিবার রাত ১২টা থেকে সংসদ ভবনের আশপাশের বেশ কিছু এলাকায় অস্ত্র, গোলাবারুদ বহন এবং সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী রোববার থেকে জাতীয় সংসদের অধিবেশনের জন্য ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিতে এই আদেশ কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৭৬-এর ২৮ ও ২৯ নম্বর ধারায় এই আদেশ দিয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। আগামীকাল শনিবার রাত ১২টা থেকে এসব এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।