সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাবে বিএনপি
সরকার সংসদ ভেঙে দিয়ে আগামী জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিলে তাকে স্বাগত জানাবে বিএনপি। আজ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বৈঠকে বলা হয়, ৬ জুন বাজেট পেশের দিন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার কথা বলেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রী সম্ভাব্য তারিখ ২৫ অক্টোবর বলেও উল্লেখ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রীর ওই বক্তব্য যদি সঠিক হয়, তবে তা হবে ইতিবাচক। তবে বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের মতে, সরকার একেক সময় একেক কথা বলছে। তাই প্রধানমন্ত্রীর এই বক্তব্য সত্য হলেও এর ওপর আস্থা রাখার কোনো কারণ নেই।এর আগে আজ রাত সোয়া নয়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংসদে দলীয় সদস্যদের বক্তব্যের ধরন, বিএনপির করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্দলীয় সরকারের দাবিতে নতুন করে কোনো আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। এ ছাড়া রমজানকে দল গোছানো ও সাংগঠনিক ও কর্মকাণ্ড পরিচালনার মাস হিসেবে পালনেরও আলোচনা হয়েছে। বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনে জোর প্রচার-প্রচারণায় নামার ব্যাপারে খালেদা জিয়া বিএনপি নেতাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, জমিরউদ্দিন সরকার, সরোয়ারি রহমান, মইন খান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।