সংসদ ভেঙে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেবেন: প্রধানমন্ত্রী
সংসদ রেখে নির্বাচন হবে না। ওয়েস্ট মিনস্টার টাইপ অব গভর্নমেন্টে সরকারপ্রধান সম্ভাব্য তারিখ জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেবেন। তিনি ঠিক করবেন সংসদ কবে ভেঙে দেবেন, কতজনের মন্ত্রিসভা থাকবে। তিনি যে নির্দেশ দেবেন, সে অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন ভোটের দিন-তারিখ ঠিক করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।প্রসঙ্গত, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙে গেলে, ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ৪৮ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করবেন। সরকার দলীয় সাংসদ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের নির্ধারিত প্রশ্ন ছিল, বিশ্বে কোথাও তত্ত্বাবধায়ক সরকার আছে কি না। না থাকলে কেন নেই। এর সুফল-কুফল কী? জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের ভোট চুরির নির্বাচন দিয়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা ও দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে দৃষ্টান্ত দেখিয়েছে, সে অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মনে শঙ্কা সৃষ্টি করেছে। আবার যদি এ ব্যবস্থা আসে, আর যদি ক্ষমতা না ছাড়ে, তাহলে জনগণ গণতান্ত্রিক অধিকার হারাবে। তিনি বলেন, ‘আমাদের জানামতে, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সব সময় রাষ্ট্র পরিচালনার বিধান থাকায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু নেই। সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণের বিধান নিশ্চিত করতে হবে। সে জন্য সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন।’তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু থাকা অবস্থায় ১৯৯৬ সালে নির্বাচনের আগে ২০ মে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই অভ্যুত্থান সফল হয়নি বলে গণতন্ত্র রক্ষা পায়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার প্রথম দিনই ১৩ জন সচিবকে অন্যায়ভাবে বদলি করে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ব্যাপক পরিবর্তন করে। বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা সারা দেশে হত্যা, খুন ও নির্যাতন চালায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়।শেখ হাসিনা বলেন, ‘২০০৬ সালে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি থাকা অবস্থায়ই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে বিতর্ক সৃষ্টি করেন। ভোটার তালিকায় এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার থাকা অবস্থায় নির্বাচনের প্রচেষ্টা নেন। ফলে সেই সরকারের উপদেষ্টারা পদত্যাগ করেন। আবার তিনি নতুন উপদেষ্টা নিয়োগ দেন। কয়েক দফা এ ধরনের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে এক-এগারোর ঘটনা ঘটে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন। সেনা-সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে তিন মাস অর্থাৎ ৯০ দিনের স্থলে প্রায় দুই বছর ক্ষমতায় থেকে যায়। সব শ্রেণী-পেশার মানুষের ওপর নির্যাতন চালাতে থাকে। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ গোয়েন্দা সংস্থা দ্বারা হয়রানির শিকার হন। দেশব্যাপী যুদ্ধাবস্থা না থাকা সত্ত্বেও দুই বছর ধরে সেনাবাহিনী মোতায়েন থাকে। দল ভাঙা ও নতুন দল গড়ার খেলাও শুরু হয়। এ অবস্থায় জনগণ দেশে ও বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে। দেশের ভেতর ও আন্তর্জাতিক চাপে ফখরুদ্দিন সরকার নির্বাচন দিতে বাধ্য হয়।এরপর জাতীয় পার্টির মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ রেখে তো আর নির্বাচন হবে না। আমরা তো ওয়েস্টমিনস্টার টাইপ অব গভর্নমেন্ট অনুসরণ করি। এ পদ্ধতিতে সরকারপ্রধান রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেবেন। যেমন আমি রাষ্ট্রপতিকে বলব, আমরা অমুক তারিখে নির্বাচন করতে চাই। তিনি ঠিক করবেন, সংসদ কবে ডিজলভ হবে, মন্ত্রিপরিষদ ছোট হবে কি না, কতজনের মন্ত্রিসভা থাকবে, এটি সম্পূর্ণ তাঁর এখতিয়ার। উনি যে নির্দেশ দেবেন, সে অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন দিন-তারিখ ঠিক করবে।’