সংসদ রেখে নির্বাচন হবে না
সংসদ রেখে নির্বাচন হবে না। আজ বুধবার সংসদের প্রশ্নোত্তর-পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। এ সম্পর্কে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ রেখে তো আর নির্বাচন হবে না। আমরা তো ওয়েস্টমিনস্টার টাইপ অব গভর্নমেন্ট অনুসরণ করি। এ পদ্ধতিতে সরকারপ্রধান রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেবেন। যেমন, আমি রাষ্ট্রপতিকে বলব আমরা অমুক তারিখে নির্বাচন করতে চাই। তিনি ঠিক করবেন সংসদ কবে ডিজলভ হবে, মন্ত্রিপরিষদ ছোট হবে কি না, কতজনের মন্ত্রিসভা থাকবে। এটি সম্পূর্ণ তাঁর এখতিয়ার।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে। নির্বাচন কমিশন এখন যথেষ্ট শক্তিশালী। বর্তমান সরকার জনগণের ভোট কেড়ে নেওয়ায় বিশ্বাসী নয়। এই সরকারের আমলে ছয় হাজারের বেশি নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। পঁচাত্তরের পর বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনে এত সুষ্ঠু নির্বাচন আর হয়নি।’ মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের ভোটচুরির নির্বাচনের মাধ্যমে গঠিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা ও দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে দৃষ্টান্ত দেখিয়েছে, সে অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মনে শঙ্কা সৃষ্টি করেছে। আবার যদি এ ব্যবস্থা আসে, আর যদি ক্ষমতা না ছাড়ে, তাহলে জনগণ গণতান্ত্রিক অধিকার হারাবে।সংসদ নেতা আরও বলেন, ‘আমাদের জানামতে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সব সময় রাষ্ট্র পরিচালনার বিধান রয়েছে বিধায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু নেই। সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণের বিধান নিশ্চিত করতে হবে। সে জন্য সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন।’সংসদ নেতা এ প্রসঙ্গে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু থাকা অবস্থায় ১৯৯৬ সালে নির্বাচনের আগে ২০ মে সেনা অভ্যুত্থান হয়েছিল, যা সফল হয়নি বলে গণতন্ত্র রক্ষা পায়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার প্রথম দিনই ১৩ জন সচিবকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ব্যাপক পরিবর্তন করে। বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা সারা দেশে হত্যা ও নির্যাতন চালায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়।’প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৬ সালে ইয়াজউদ্দীন রাষ্ট্রপতি থাকা অবস্থায়ই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে বিতর্ক সৃষ্টি করেন। ভোটার তালিকায় এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার থাকা অবস্থায় নির্বাচনের প্রচেষ্টা নেন। ফলে সরকারের উপদেষ্টারা পদত্যাগ করেন। আবার তিনি নতুন উপদেষ্টা নিয়োগ দেন। কয়েক দফা এ ধরনের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে এক-এগারোর ঘটনা ঘটে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন। সেনাসমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে তিন মাস অর্থাত্ ৯০ দিনের স্থলে প্রায় দুই বছর ক্ষমতায় থেকে যায়। সব শ্রেণী-পেশার মানুষের ওপর নির্যাতন চালাতে থাকে। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মীসহ সব স্তরের মানুষ গোয়েন্দা সংস্থার হয়রানির শিকার হয়। দেশব্যাপী যুদ্ধাবস্থা না থাকা সত্ত্বেও দুই বছর ধরে সেনাবাহিনী মোতায়েন থাকে। দল ভাঙা ও নতুন দল গড়ার খেলাও শুরু হয়। এ অবস্থায় জনগণ দেশে ও বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে। দেশের ভেতরের ও আন্তর্জাতিক চাপে ফখরুদ্দীন সরকার নির্বাচন দিতে বাধ্য হয়।’শেখ হাসিনা আরও বলেন, ‘মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর সংসদের উপনির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কোনো প্রয়োজন নেই।’