সংসদ শ্বশুরবাড়ি নয়, আবদারের জায়গা নেই: টিআইবি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন বলেছেন, সংসদ কারও শ্বশুরবাড়ি নয়, এখানে আবদারের জায়গা নেই। জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেন। তাই সংসদ বর্জন করলে সাংসদদের কর্তব্যে ফাঁকি দেওয়া হবে। জাতীয় সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সম্পত্তি নয় বলেও তিনি মন্তব্য করেন।আজ রোববার সিরডাপ মিলনায়তনে টিআইবি আয়োজিত ‘সংসদ সদস্য আচরণ আইন ২০১০: কী এবং কেন?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির ভাষণে এম হাফিজউদ্দিন এসব কথা বলেন। আলোচনা অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদে ‘সংসদ সদস্য আচরণ আইন ২০১০’ বিলের উত্থাপক এবং সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘সংসদের কার্যপ্রণালি বিধিতে সাংসদদের আচরণ ও দায়িত্ব উল্লেখ নেই। আমরা সর্বোচ্চ পর্যায়ে জাতিকে নেতৃত্ব দিচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদেরও আচরণবিধি থাকা উচিত। যাতে নিজেরা নিজেদের তদারকি করতে পারি। সে জন্যই এই বিলটি এনেছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও আচরণবিধি ঠিক করার কথা বলা হয়েছে।’ বিলটি পাস হলে এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত শক্ত এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টিআইবির ট্রাস্টি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সরকারি চাকরিজীবীদের জন্যও আচরণবিধি আছে। কিন্তু তা না-মানার পর্যায়ে চলে গেছে। সাংসদেরা এটা চালু করলে অন্যরা দেখে উত্সাহ পাবে। তিনি সংসদের কার্যক্রম, সংসদের বিভিন্ন কমিটিতে অংশগ্রহণসহ নানা বিষয় বিবেচনায় সাংসদের নম্বর দেওয়ার পদ্ধতি চালু করা যায় কি না তা ভেবে দেখার আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান বিলটি সম্পর্কে বলেন, এটাকে শুরু হিসেবে নেওয়া যায়, শেষ নয়। আরও সংযোজন-বিয়োজন হতে পারে। বদিউল আলম মজুমদার বলেন, সাংসদের কাজ হচ্ছে শুধু আইন প্রণয়ন করা। স্থানীয় প্রকল্প বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষা করা তাঁদের দায়িত্ব নয়। তার পরও সাংসদেরা এই কাজ করলে তা হবে সংবিধান ও আইনের পরিপন্থী। মূল বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির গবেষণায় দেখা গেছে, সাংসদদের জন্য একটি আচরণবিধির ব্যাপক চাহিদা ও প্রত্যাশা রয়েছে। ক্ষমতার অপব্যবহার রোধ, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সাবের হোসেন চৌধুরীর বিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংসদ মুজিবুল হক, সাংসদ গোলাম মাওলা, সাংসদ নিলুফার চৌধুরী, সাবেক সাংসদ হুমায়ুন কবির, পিএসসির সাবেক চেয়ারম্যান মোস্তফা চৌধুরী, সাবেক সচিব আবদুল লতিফ মণ্ডল, রাজনীতিবিদ সাদেক সিদ্দিকী প্রমুখ আলোচনায় অংশ নেন।