সংসদকে রাজনীতি বিবর্জিত করে তুলেছে ব্যবসায়ীরা: জলিল
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল জলিল বলেছেন, রাজনীতি এখন আর রাজনৈতিক নেতৃত্বের কাছে নেই, ব্যবসায়ীরা দখল করে নিয়েছেন। সঠিক রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীরা সংসদকেও রাজনীতি বিবর্জিত করে তুলেছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। ডিআরইউ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আবদুল জলিল বলেন, রাজনীতিতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের ব্যর্থতার কারণেই নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। সেই সুযোগে অসত্ উপায়ে টাকা উপার্জনকারী ব্যবসায়ীরা রাজনীতিতে আসছেন। নামের আগে ‘সাবেক সাংসদ’ ব্যবহার করার জন্য তাঁরা বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনে জয়লাভ করছেন। আবদুল জলিল বলেন, কীভাবে নেতৃত্ব তৈরি হবে! ২০ বছর ধরে নির্বাচন নেই ডাকসুতে। এখান থেকেই তোফায়েল, মতিয়া, মেনন, রব, মান্না, মনসুরসহ অনেক নেতা উঠে এসেছেন। এই রাজনৈতিক সংস্কৃতির সর্বশেষ নেতা আমান উল্লাহ আমান। তারপর থেকে আর কোনো নেতা নেই। রাজনীতির এই দৈন্যতা কাটাতে সমাজের সর্বস্তরে নাড়া দেওয়া দরকার। নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে ভাবা উচিত। সংসদে প্রাণ নেই মন্তব্য করে জলিল বলেন, সংসদে প্রাণ সঞ্চার করতে হলে সাংসদদের কথা বলার স্বাধীনতা দিতে হবে। সে ক্ষেত্রে বিরোধী দল সংসদে না গেলেও সংসদ প্রাণবন্ত হতে পারে। তবে সংসদকে প্রাণবন্ত করতে বিরোধী দলেরও কিছু দায়িত্ব আছে। তারা সংসদে গেলেই মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে আবদুল জলিল বলেন, ব্যবসায়ীদের ধমক দিয়ে সমস্যার সমাধান বা বাজার নিয়ন্ত্রণ করা যায় না। তাদের আস্থা অর্জন করতে হবে। একজনের সিদ্ধান্ত সব সময়ে সঠিক হয় না। কিন্তু এখন সমস্যা সমাধানের ক্ষেত্রে মন্ত্রণালয় এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। কখনো কখনো এফবিসিসিআইর সঙ্গে আলোচনা করছে। এটা না করে ছোট-বড় সব ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে অনেক বেশি সুফল পাওয়া যেত। সরকারের মন্ত্রিসভা দলের কর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করেন আবদুল জলিল। তিনি বলেন, ‘আমাদের এখানে দলীয় প্রধান মন্ত্রীদের নিয়োগ দেন, দলের পরামর্শ নেওয়া হয় না। আমাদের প্রধানমন্ত্রী নতুন নেতৃত্ব সৃষ্টির ধারণা থেকেই নতুনদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। এদের অনেককে জনগণ ভালোভাবে চেনে না। জনগণের সঙ্গে তাদের তেমন সম্পৃক্ততাও নেই। তাই মন্ত্রিসভায় একটু নড়াচড়া হওয়া দরকার।’