সংসদকেই দায়িত্বশীল হতে হবে, প্রতিক্রিয়ায় ৩ অ্যামিকাস কিউরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায়ের পর সংসদকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পরিবর্তে একটি বিকল্প পদ্ধতি খুঁজে বের করার দায়িত্ব সংসদের ওপরই পড়েছে। এ জন্য সরকারি দল ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্রকে স্থিতিশীল রাখতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এরই মধ্যে নির্বাচন কমিশনের অধীনে অনেকগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, যা আমাদের জন্য কৃতিত্বের স্বাক্ষর রাখে। আপিল বিভাগের দেওয়া এ রায়ের প্রতিক্রিয়ায় অ্যামিকাস কিউরি এম আমীর-উল ইসলাম আজ মঙ্গলবার এসব কথা বলেন। আমীর-উল ইসলাম আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতিদের পরিবর্তে বিকল্প খুঁজে পেতে যাতে কোনো রাজনৈতিক সংকট ও মতবিরোধ দেখা না দেয়, সে জন্য কার্যকর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপরই অর্পিত হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক দলগুলো এটা পালনে ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব সাবেক প্রধান বিচারপতিদের ওপরই বর্তাবে।অ্যামিকাস কিউরি রোকনউদ্দিন মাহমুদ বলেন, এ রায়ের পর সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর আর কোনো বৈধতা রইল না। তবে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতিদের না রাখার জন্য আদালত আইন সংশোধনের দায়িত্ব সংসদের ওপর দিয়েছেন।রোকনউদ্দিন মাহমুদের মতে, ‘এটা সংসদের জন্য বাধ্যবাধকতামূলক নয়। সুপ্রিম কোর্ট আইন প্রণয়ন করতে পারেন না। সংসদ চাইলে আদালতের পর্যবেক্ষণ গ্রহণ করতে পারে নতুবা উপেক্ষাও করতে পারে। এটা সংসদের বিষয়। তবে সংবিধান সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখন দেখার বিষয় সংসদ কী করে।’ রায় সুন্দর হয়েছে মন্তব্য করে অপর অ্যামিকাস কিউরি এম জহির বলেন, ‘বহুদিন ধরে বলে আসছি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থেকে বিচারপতিদের বাদ দিন।’ সংসদকে এ ব্যাপারে আইন প্রণয়ন করতে বলা হয়েছে। এ রায়ের ফলে নির্বাচন কমিশন শক্তিশালী হবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন, তাদের অধীনেই নির্বাচন হওয়া উচিত।