সংসদীয় কমিটির প্রশ্ন, বিমানের বিশেষজ্ঞ কারা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশেষজ্ঞ হিসেবে কারা কাজ করছেন, তা জানতে চেয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিমানের সব রুটে নিয়মিত লোকসান হওয়ায় কমিটি এ তথ্য জানতে চেয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি এ তথ্য জানতে চেয়েছে। লোকসান প্রতিরোধে বিমান কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কমিটি জানতে চেয়েছে। এ বিষয়ে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলেছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বিমানের চেয়ারম্যান কমিটিকে জানিয়েছেন, গত এক বছরে বিমান ৬৩২ কোটি টাকা লোকসান দিয়েছে। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা এবং ঢাকা-হংকং-ঢাকা রুট ছাড়া সব রুটে বিমান লোকসানে রয়েছে। এর কারণ হিসেবে তিনি বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়াকে দায়ী করেছেন। বৈঠকে বিমানমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা বা লোকসান কমানোর ব্যাপারে বিমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিমান সম্পর্কে বিভিন্ন পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ হলেও তারা প্রতিবাদ করছে না। এর অর্থ অভিযোগ সত্য।’ বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, সব এয়ারলাইনস কোম্পানি লাভ করলেও বিমান পারছে না। বিমানের চেয়ারম্যান জানিয়েছেন, গত এক বছরে ৬৩২ কোটি টাকা লোকসান হয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানি হয়েও বিমান সরকারের কাছ থেকে টাকা নিয়ে চলছে। এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল বলেন, বিমান সব রুটে লোকসান দিচ্ছে। কমিটির প্রশ্ন হলো, এই রুট পরিকল্পনা কে করছে? কোন বিশেষজ্ঞের মতামত নিয়ে বিমানে ৭৭৭ উড়োজাহাজ আনা হয়েছে? সংসদীয় কমিটি এসব বিষয়ে জানতে চেয়েছে। সংসদীয় কমিটিকে দেওয়া বিমানের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে বিমানের জ্বালানি বাবদ খরচের পরিমাণ ছিল দুই হাজার ১০০ কোটি টাকা, যা এর আগের বছরের চেয়ে ৫২০ কোটি টাকা বেশি। মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী ফারুক খান, মঈন উদ্দীন খান বাদল, ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী ও শেফালী মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিমানের চেয়ারম্যান জামাল উদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।