সংসদীয় কমিটির সুপারিশ খুলেও দেখেনি মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গ্যাস-সংযোগ চালু করার বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ নিয়ে কোনো মাথাব্যথা নেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এমনকি ওই সুপারিশে প্রকৃতপক্ষে কী বলা হয়েছে, তা খুলেও দেখেনি মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে বলেছে, গ্যাস-সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্তটি রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে নেওয়া। সংযোগ চালু করতে হলেও ওই পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে হবে। তা ছাড়া সংসদীয় কমিটির সব সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা নেই।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত সভায় সারা দেশে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তা বৈধ করার সুপারিশ করা হয়। ওই সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেছিলেন, বর্তমানে শুধু ঢাকাতেই এক লাখের বেশি অবৈধ সংযোগ রয়েছে। এর আগে-পরেও একাধিকবার তিনি একই কথা বলেছেন।ইতিপূর্বে সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া নতুন গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়ে তাঁর নেতৃত্বাধীন সংসদীয় কমিটির একটি পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন। তাতেও নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু করার কথা বলা হয়।অপরদিকে সরকার বিশেষ গুরুত্বপূর্ণ ও জরুরি ক্ষেত্রে গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে রেখেছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কিছু শিল্পপ্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়া হয়েছে। তবে ওই কমিটিও এখন পর্যন্ত সংসদীয় কমিটির সুপারিশ নিয়ে কিছু ভাবেনি বলে কমিটির একাধিক সদস্য জানান।সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করে দেয়। তখন বলা হয়েছিল, গ্যাসের উৎপাদন দৈনিক ২২০ কোটি ঘনফুটে (দুই হাজার ২০০ মিলিয়ন) উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে। বর্তমানে দেশে গ্যাসের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২২৬ কোটি ঘনফুট ছাড়িয়েছে।পেট্রোবাংলার সূত্র জানায়, সরকারিভাবে বন্ধ থাকলেও নতুন সংযোগপ্রত্যাশীদের অন্তত ৬০ শতাংশ ইতিমধ্যে কোনো না কোনোভাবে সংযোগ নিয়েছেন। কিন্তু সরকারি খাতে এর রাজস্ব জমা হচ্ছে না। অন্যদিকে সংযোগ বন্ধ করার আগে যেসব গ্রাহক নতুন সংযোগ পাওয়ার জন্য সব প্রক্রিয়া শেষ করে চাহিদাপত্র (ডিমান্ড নোট) বরাদ্দ পেয়েছিলেন, তাঁরা ‘সরকারি প্রতারণার’ শিকার বলে অভিযোগ করছেন। কারণ, গত কয়েক বছরেও তাঁদের সংযোগ দেওয়া হয়নি।সর্বোপরি জ্বালানি নিয়ে মানুষ এক বৈষম্যমূলক পরিস্থিতির মধ্যে পড়েছেন। যাঁরা পাইপলাইনের গ্যাস ব্যবহার করছেন, তাঁরা দুই চুলার জন্য মাসে দিচ্ছেন ৪৫০ টাকা। আর যাঁরা গ্যাস-সংযোগ পাননি, তাঁদের প্রতি মাসে জ্বালানির জন্য ব্যয় করতে হচ্ছে চার হাজার টাকা। এই বৈষম্যে জনপ্রতিনিধিরাও সমালোচনার মধ্যে পড়েছেন। কয়েকজন সাংসদ প্রথম আলোকে বলেন, জ্বালানির অভাবে নতুন আবাসনগুলো বসবাসের উপযোগী হয়ে ওঠেনি। ফলে মানুষ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক, ফ্ল্যাট কিনেও তাঁদের অন্যত্র বাসা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। দুই, তাঁদের প্রচুর অর্থ দিয়ে কেনা ফ্ল্যাট অব্যবহূত পড়ে আছে। কারণ, বিকল্প হিসেবে এলপি গ্যাসের যথেষ্ট সংস্থান নেই।তা ছাড়া সরকার একদিকে সংযোগ বন্ধ রেখেছে, অন্যদিকে খুলনা, ভেড়ামারা, রাজশাহী পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে। এর মধ্যে রাজশাহীতে ঘরে ঘরে গ্যাস-সংযোগ দেওয়ার সব কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বলেন, আজ বুধবার কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সংসদীয় কমিটির সুপারিশের পর মন্ত্রণালয় কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চাওয়া হবে।