সংসদীয় কমিটির সুপারিশ নিয়ে মাথাব্যথা নেই মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সুপারিশ নিয়ে কোনো মাথাব্যথা নেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের।মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র প্রথম আলো ডটকমকে জানান, গ্যাস-সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে নেওয়া। সংযোগ চালু করতেও ওই পর্যায় থেকেই সিদ্ধান্ত আসতে হবে। তা ছাড়া সংসদীয় কমিটির সব সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা নেই।বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ৬ জানুয়ারি অনুষ্ঠিত সভায় সারা দেশে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তা বৈধ করার সুপারিশ করা হয়েছে। ওই সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেছিলেন, বর্তমানে শুধু ঢাকাতেই এক লাখের বেশি অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। এর আগে-পরেও একাধিকবার তিনি একই কথা বলেছেন। ইতিপূর্বে সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া নতুন গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়ে তাঁর নেতৃত্বাধীন সংসদীয় কমিটির একটি পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন। তাতেও নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু করতে বলা হয়েছিল।সরকার ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে। তখন বলা হয়েছিল, গ্যাসের উত্পাদন দৈনিক ২২০ কোটি (দুই হাজার ২০০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে। বর্তমানে দেশে গ্যাসের সর্বোচ্চ উত্পাদনক্ষমতা ২৬০ কোটি ঘনফুট ছাড়িয়েছে।পেট্রোবাংলার সূত্র জানায়, সরকারিভাবে বন্ধ থাকলেও নতুন সংযোগ-প্রত্যাশীদের অন্তত ৬০ শতাংশ ইতিমধ্যে কোনো না কোনোভাবে সংযোগ নিয়েছেন। কিন্তু সরকারি খাতে এর রাজস্ব জমা হচ্ছে না। অন্যদিকে সংযোগ বন্ধ করার আগে যেসব গ্রাহক নতুন সংযোগ পাওয়ার জন্য সব প্রক্রিয়া শেষ করে চাহিদাপত্র (ডিমান্ড নোট) বরাদ্দ পেয়েছিলেন, তাঁরা ‘সরকারি প্রতারণার’ শিকার বলে অভিযোগ করছেন। কারণ, গত কয়েক বছরেও তাঁদের সংযোগ দেওয়া হয়নি।সর্বোপরি, জ্বালানি নিয়ে মানুষ এক বৈষম্যমূলক পরিস্থিতির মধ্যে পড়েছে। যাঁরা পাইপলাইনের গ্যাস ব্যবহার করছেন, তাঁরা দুই চুলার জন্য মাসে দিচ্ছেন ৪৫০ টাকা। আর যাঁরা সংযোগ পাননি, তাঁদের প্রতি মাসে জ্বালানির জন্য ব্যয় করতে হচ্ছে চার হাজার টাকা। জনগণের মধ্যকার এই বৈষম্যের কারণে জনপ্রতিনিধিরাও সমালোচনার মধ্যে পড়েছেন। কয়েকজন সাংসদ প্রথম আলো ডটকমকে বলেন, শহর-নগরে মানুষের অবস্থা দুর্বিষহ। জ্বালানির অভাবে নতুন আবাসনগুলো বসবাসের উপযোগী হয়ে ওঠেনি। ফলে মানুষ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক. ফ্ল্যাট কিনেও তাঁদের অন্যত্র বাসাভাড়া দিয়ে থাকতে হচ্ছে। দুই. প্রচুর অর্থ দিয়ে কেনা ফ্ল্যাট অব্যবহূত পড়ে আছে। আর বিকল্প হিসেবে এলপি গ্যাসেরও যথেষ্ট জোগান নেই।ওই সাংসদেরা বলেন, সরকার ঘোষণা দিয়ে সংযোগ বন্ধ রাখলেও বাস্তবে তা বন্ধ নেই। নানা কৌশলে গ্যাসের সংযোগ দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করছেন একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার। এতে সরকারের কোনো লাভ হচ্ছে না, গ্রাহকের তো নয়ই। সবার জন্য বিব্রতকর হয়ে উঠেছে পরিস্থিতি। এর অবসান হওয়া উচিত।এ ছাড়া, সরকার একদিকে সংযোগ বন্ধ রেখেছে, অন্যদিকে খুলনা, ভেড়ামারা, রাজশাহী পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে। এর মধ্যে রাজশাহীতে ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়ার সব কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছরের জানুয়ারি থেকেই সেখানে সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি সরকারের ছিল। নতুন সংযোগ না দিলে বিপুল অর্থ খরচ করে এসব পাইপলাইন করা ও প্রতিশ্রুতি দেওয়া কেন—এ প্রশ্নেও মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে বলে সাংসদেরা উল্লেখ করেন।