ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের সহিংস ঘটনা
সংসদীয় উপকমিটিতে সাক্ষ্য দিলেন ১৬ ছাত্রনেতাসহ ১৯ জন
২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাসদস্যদের সহিংস ঘটনার বর্ণনা দিয়েছেন তৎকালীন ১৬ জন ছাত্রনেতা ও নির্যাতিত তিনজন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির কাছে তাঁরা ওই ঘটনার বর্ণনা দেন।উপকমিটির আমন্ত্রণে ওই ১৯ জন সাক্ষ্য দিতে গতকাল কমিটির সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। সভায় অংশ নেন কমিটির সদস্য, সংসদে সকরদলীয় হুইপ মির্জা আজম ও শাহ আলম। ছাত্ররা ওই সময়ে ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্যের পাশাপাশি বেশির ভাগ শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্য দেন।বৈঠক শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীদের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ থেকেই ওই ঘটনার সূত্রপাত হয়েছিল। কিন্তু তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিতে চেয়েছে। তিনি বলেন, ওই সময় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।মেনন বলেন, কমিটির সভায় শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় অভিন্ন দাবি এসেছে। তাঁরা নির্যাতনকারীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের পাশাপাশি আরও বেশ কিছু দাবি তুলে ধরেন। কমিটি তাঁদের এসব দাবি আমলে নিয়েছে।কমিটির সদস্য শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘মূলত এ ঘটনাকে কেন্দ্র করে সামরিক শাসন জারির পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।ওই ঘটনায় নির্যাতিত শিক্ষার্থী জাহিদুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ওই ঘটনার জন্য সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা প্রত্যক্ষভাবে দায়ী। দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে তিনি বলেন, ‘ওরা আমাকে নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, টানা পাঁচ মাস জেলের অন্ধকারে আটকে রেখেছিল।’ উপস্থিত ছাত্রদের সবাই ওই সময়ে ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে করা এ-সংক্রান্ত সব মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান।সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অপর্ণা পাল, সহসম্পাদক নাজমুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা মিয়া; জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম; বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম, খান আসাদুজ্জামান ও মানবেন্দ্র দেব; বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রহমত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল হামিদ; জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও আজিজুর রহমান উপস্থিত ছিলেন।নির্যাতিত ছাত্রদের মধ্যে জাহিদুল ইসলাম, দ্বীন ইসলাম ও খোমেনী ইসলাম তাঁদের বক্তব্য তুলে ধরেন।২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনাসদস্য ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর সারা দেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনা তদন্তে গত বছরের আগস্টে সংসদীয় এই উপকমিটি গঠিত হয়। কমিটি এ ব্যাপারে বক্তব্য দিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকেও আমন্ত্রণ জানায়। গত ১৮ এপ্রিল এই দুজন উপকমিটির সভায় উপস্থিত না হয়ে চিঠি পাঠান। কমিটি দ্বিতীয় দফায় তাঁদের আগামী ৫ জুনের বৈঠকে উপস্থিত হতে বলেছে।