সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ ভাববেন না: সাবের হোসেন চৌধুরী
সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিগুলোকে প্রতিপক্ষ হিসেবে না দেখার জন্য মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি এ আহ্বান জানান। সাবের হোসেন মহাজোট সরকারের মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা অনেক সৌভাগ্যবান। এই সরকার বিশাল ম্যানডেট নিয়ে এসেছে। আপনাদের কাজের ওপর নির্ভর করছে এই সরকারের ভবিষ্যত্। আগামী নির্বাচনের ফলাফলের ওপর বাংলাদেশের ভবিষ্যত্ নির্ভর করছে। আপনারা সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ হিসেবে দেখবেন না। এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে।’বিরোধী দলের সংসদে না আসার সমালোচনা করে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংসদকে শক্তিশালী করা ছাড়া আর কোনো উপায় নেই। বিএনপি বলেছে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। আমরাও তো সেই কথা বলছি।’মন্ত্রণালয়গুলোর জন্য বাজেটে যে বরাদ্দ রাখা হচ্ছে, তা কীভাবে নির্ধারণ করা হচ্ছে, তা-ও বিস্তারিত জানানোর জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাবের হোসেন চৌধুরী।আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ মাঈনুদ্দিন খান বাদল বলেন, ‘দুই নেত্রীকে এক নিক্তিতে মাপা যাবে না।’ তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ইসলাম নয়, আল্লাহ রসূলের ইসলাম অনুসরণ করতে চাই।’টিসিবিকে কার্যকর করার আহ্বান ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘দ্রব্যমূল্যের ওঠানামার ওপর সরকারের জনপ্রিয়তা অনেক ওঠানামা করে।’ বিরোধী দলের পক্ষ থেকে রাজনৈতিক ঝুঁকি আসার কোনো বাস্তবতা নেই বলেও তিনি দাবি করেন। বাজেট আলোচনায় পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ও জাতীয় পার্টির রওশন এরশাদ প্রমুখ অংশ নেন।