সংসদীয় কমিটিতে মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ
সংসদীয় কমিটির টানা তিন বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। মন্ত্রীর লাগাতার অনুপস্থিতি কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত দিয়েছেন কমিটির সদস্যরা।আজ রোববার জাতীয় সংসদ ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব নিয়ে আলোচনা করা হয়।জানা গেছে, টানা তিনটি বৈঠকে মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কমিটির সদস্য আবদুল কুদ্দুস ও খালিদ মাহমুদ চৌধুরী প্রশ্ন তোলেন। এ সময় তাঁরা দুজনই বলেন, ‘এভাবে যদি মন্ত্রী অনুপস্থিত থাকেন, তবে আগামী বৈঠকে তাঁকে আর ডাকার প্রয়োজন নেই।’বৈঠকের পর কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, মন্ত্রীর কমিটির সভায় উপস্থিত না হওয়া নিয়ে কথা হয়েছে। তবে এটাও ঠিক যে অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে এ মন্ত্রণালয়ের কাজে অগ্রগতি সন্তোষজনক। এ অবস্থায় সংসদীয় কমিটির তিনটি সভায় মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কমিটির সদস্যরা।’হাসানুল হক ইনু আরও বলেন, কমিটির সদস্যরা মনে করেন, মন্ত্রণালয় যতটুকু কাজ করছে, তা আরও গতিশীল করতে সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রীর উপস্থিতি প্রয়োজন।জানা গেছে, বিটিসিএলের উত্পাদিত ল্যাপটপ বাজারে আসতে দেরি হওয়ায় মন্ত্রণালয় ও বিটিসিএলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কমিটির সদস্যরা।সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিটিসিএলের প্রাপ্ত বকেয়া বিল আদায় বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। আগামী ডিসেম্বরের মধ্যে এসব বকেয়া বিল আদায়ের সুপারিশ করা হয়।কমিটির সভাপতি হাসানুল হক এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এখন পর্যন্ত ৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। এই বিল কোনোভাবেই অনাদায় রাখা যাবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই এসব আদায়ের সুপারিশ করা হয়েছে।’সভায় মোবাইল ও ইন্টারনেট টাওয়ার স্থাপন-সম্পর্কিত নীতিমালা নিয়ে আলোচনা হয়। কমিটি টেলিকম সেক্টরে গ্রিন টেকনোলজির ওপর গুরুত্বারোপ করে একে প্রয়োগ করার সুপারিশ করা হয়।হাসানুল হক ইনুর সভাপতিত্বে এই সভায় হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, খালিদ মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন ও গোলাম মোস্তফা অংশ নেন। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।