সংসদীয় কমিটিতে সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের জন্য ১০০ কোটি টাকার মালামাল কেনার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভায় সমালোচনার মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এই ক্রয়-প্রক্রিয়া বন্ধ রাখা সম্ভব নয়। সংসদীয় কমিটি তদন্ত করে অনিয়ম পেলে তার পরই ব্যবস্থা নেওয়া হবে।’জবাবে কমিটির সদস্য মুজিবুল হক মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, এই ক্রয়-প্রক্রিয়া স্থগিত করা না হলে তদন্ত করে লাভ কী?আজ বুধবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভার শুরুতে এ বিষয় নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, জমির উদ্দিন সরকার, মির্জা আজম, মুজিবুল হক, নুরুল ইসলাম, সানজিদা খানম ও সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ফায়ার সার্ভিসের জন্য ১০০ কোটি টাকার মালামাল কেনার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ আসে সংসদীয় কমিটির কাছে। এই অভিযোগের ভিত্তিতে কমিটি আলোচনা করে গত মাসে বিষয়টি তদন্ত করতে উপকমিটি গঠন করে। হুইপ মির্জা আজমের নেতৃত্বে গঠিত এ কমিটি ঘটনার তদন্ত করতে গিয়ে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি। এরপর উপকমিটির পক্ষ থেকে ক্রয়-প্রক্রিয়া স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। এর পরও ক্রয়-প্রক্রিয়া বন্ধ না হওয়ায় আবদুস সালাম নিজেই চিঠি দিয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।আজ সভার শুরুতেই কমিটির একজন সদস্য বিষয়টি উত্থাপন করেন। এরপর কমিটির সভাপতি এ ব্যাপারে মন্ত্রীর বক্তব্য জানতে চান। কমিটির একাধিক সদস্য মন্ত্রীর সামনেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে এ ব্যাপারে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।বৈঠক শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি কমিটির সভাপতি আবদুস সালাম। তিনি শুধু জানান, সভায় এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০১০ চূড়ান্ত হয়েছে। তবে কমিটির সদস্য মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ১০০ কোটি টাকা ক্রয়-প্রক্রিয়া নিয়ে সংসদীয় তদন্ত কমিটির কাজে মন্ত্রণালয় সহযোগিতা না করায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।