সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতার আইন পাস চলতি অধিবেশনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধ করা-সংক্রান্ত আইনের খসড়া প্রস্তাবনা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে উপস্থাপিত হয়েছে।আইনটি সংসদের চলতি অধিবেশনেই যাতে পাস হয়, সে জন্য দ্রুত কাজ করে যাচ্ছে কমিটি। তবে এর আগে খসড়াটির ব্যাপারে সব সংসদীয় কমিটির সভাপতিদের পরামর্শ নেওয়া হবে।আজ মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল সোমবার আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে খসড়া আইনটি উত্থাপন করা হয়। এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, প্রস্তাবনাটি খসড়া পর্যায়ে রয়েছে। এটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা হবে। বৈঠক করে সব সংসদীয় কমিটির সভাপতিদের মতামত নেওয়া হবে। তিনি বলেন, সাংবিধানিক প্রয়োজনেই আইনটি করা হচ্ছে। এটি হলে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে কোনো ধরনের শূন্যতা থাকবে না। বর্তমানে সংসদীয় কমিটির ডাকে কেউ না এলে কিছু করার নেই—এই অসহায়ত্বও দূর হবে।সংবিধানের ৭৬(৩) অনুচ্ছেদ অনুসারে সংসদীয় কমিটিতে সাক্ষীদের হাজিরা, সাক্ষ্য গ্রহণ ও দলিলপত্র দাখিলে বাধ্য করার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারবে। সংবিধান প্রণয়ন হওয়ার পর ৩৮ বছর পার হয়ে গেলেও সংসদীয় কমিটির কাছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা-সংক্রান্ত এই আইনটি তৈরি হয়নি।প্রসঙ্গত, সংসদীয় কমিটির কর্তৃত্ব নিয়ে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে সরকারের হাইকোর্ট বিভাগের মতবিরোধ তৈরি হয়েছে।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচার বিভাগ জনগণ ও সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারও কাছে দায়বদ্ধ নয়। অন্যদিকে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জনগণের কাছে দায়বদ্ধ হওয়া মানেই সংসদের কাছে দায়বদ্ধ হওয়া।