সংসদীয় কমিটির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব বাতিলে সংসদে ক্ষোভ
সংসদীয় কমিটির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদে বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদেরা। এ জন্য সাংসদেরা পরোক্ষভাবে আইনমন্ত্রীর সমালোচনা করেন।গতকাল রোববার সংসদে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ নিয়ে বক্তব্য দেন। পরে সাংসদেরা তাঁর বক্তব্যেরও সমালোচনা করেন।সংসদীয় কমিটির দায়িত্ব ও এখতিয়ার সুনির্দিষ্ট করার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সংবিধানের ৭৬(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী একটি আইনের খসড়া তৈরির জন্য আইন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। সে অনুযায়ী মন্ত্রণালয় খসড়া তৈরি করে তা মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গত সোমবারের ওই বৈঠকে মন্ত্রীরা প্রস্তাবটি বাতিল করে দেন।গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন জাসদের মঈন উদ্দীন খান বাদল। মন্ত্রিপরিষদ প্রস্তাবিত আইনটি বাতিল করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আইন মন্ত্রণালয় কী ধরনের খসড়া মন্ত্রিপরিষদে পাঠিয়েছে, তা আমরা জানি না। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মন্ত্রীরা আইনটি বাতিল করে দিয়েছেন। তাঁদের মনে রাখা উচিত, কোনো না কোনো সময়ে তাঁদেরও সংসদীয় কমিটির সভাপতি পদে আসতে হতে পারে।’ রাশেদ খান মেননও দুই সাংসদের বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দেন।আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে বলেন, সরকার ইউএনডিপির কাছ থেকে টাকা নিচ্ছে সংসদীয় কমিটি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। অথচ মন্ত্রীরা প্রস্তাবিত আইনটি বাতিল করে দিলেন। এই মন্ত্রিপরিষদে এমন সদস্যও আছেন, যাঁরা একবার জিতেই সিনিয়র মিনিস্টার হয়ে গেছেন। এই মন্ত্রিপরিষদে অনেক অনির্বাচিত সদস্যও আছেন। নির্বাচিত সাংসদের পাস করা খসড়া বাতিল করার ক্ষমতা তাঁদের নেই। সুতরাং এ ব্যাপারে মন্ত্রিপরিষদের নতুন করে বিবেচনা করা উচিত। সুরঞ্জিতের বক্তব্যের পর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খসড়া আইনটি আদৌ বাতিল হয়েছে কি না, তা নিশ্চিত না হয়ে এবং আইনমন্ত্রীর অনুপস্থিতিতে পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে সংসদে আলোচনা করা উচিত হয়নি। এতে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে সাংসদেরা সংসদ নেতার সঙ্গে পরামর্শ করতে পারতেন। অনির্বাচিত ব্যক্তির কারণে এই আইনটি পাস হয়নি, এমন ধারণাও ঠিক নয়।এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি মন্ত্রিপরিষদের সদস্য। সুতরাং মন্ত্রিপরিষদের পক্ষ নেওয়ার অধিকার আমার আছে।’এ পর্যায়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি তো মন্ত্রিপরিষদের বৈঠকে ছিলেন, আপনি বলছেন না কেন, সেখানে কী হয়েছে। আপনিই পরিষ্কার করেন।’ জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘এ বিষয়ে আমার বলার অধিকার নেই। আইনমন্ত্রী বলবেন।’ এরপর সুরঞ্জিত বলেন, ‘বিষয়টি শুধু আইনমন্ত্রী বলবেন, এমন কোনো কথা নেই। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই সংসদে বললাম।’ সবশেষে আলী আশরাফ বলেন, ‘সংসদে ব্যাখ্যা চাওয়ার অধিকার সবার আছে। খবরের কাগজও আমলে নিতে পারে। কারণ, আমরাই তথ্য অধিকার আইন পাস করেছি। একমাত্র আইনমন্ত্রী থাকলে উত্তর দিতে পারতেন, এটাও ঠিক নয়। স্থানীয় সরকারমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের বৈঠকে। তিনিই বিষয়টি নিরসনের ব্যবস্থা করতে পারতেন।’