সংসদীয় কমিটির ক্ষমতা বাড়িয়ে নতুন আইন হচ্ছে
সংসদীয় স্থায়ী কমিটিকে দলিল-দস্তাবেজসহ সাক্ষী তলবের ক্ষমতা দিয়ে নতুন আইন হচ্ছে। প্রস্তাবিত এই আইনে সংসদীয় কমিটিকে অনুসন্ধান ও তদন্তকাজে দেওয়ানি আদালতের (কোড অব সিভিল প্রসিডিউর ১৯০৮) ক্ষমতা দিয়ে বিধান রাখা হয়েছে। অর্থাৎ যেকোনো ধরনের নথি বা দলিল উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে সমন জারির ক্ষেত্রে দেওয়ানি আদালত যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সংসদীয় কমিটি অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবে।সংসদ সচিবালয় সূত্র জানায়, ‘জাতীয় সংসদের স্থায়ী কমিটি (সাক্ষী তলব, দলিল দাখিল) আইন, ২০১১’ শীর্ষক আইনের খসড়া গত ৩১ জানুয়ারি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। খসড়াটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ ফেব্রুয়ারি পুনরায় কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব সংসদীয় কমিটির সভাপতিকে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভাপতিদের মতামতের ভিত্তিতে আইনটির খসড়া চূড়ান্ত করা হবে। সংবিধানের ৭৬(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আইনটি করা হচ্ছে। এতে বলা হয়েছে, সংসদীয় কমিটিতে সাক্ষীদের হাজিরা, সাক্ষ্য গ্রহণ এবং দলিলপত্র দাখিলে বাধ্য করার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারবে। প্রাপ্ত খসড়ায় দেখা যায়, প্রয়োজনে মৌখিক সাক্ষ্য আদায়ের জন্য সংসদীয় কমিটি যেকোনো ব্যক্তিকে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারবে। একই সঙ্গে যেকোনো ধরনের নথি, দলিল, প্রতিবেদন বা তথ্যপ্রমাণ উপস্থাপনের নির্দেশ দিতে পারবে। বিশেষ কোনো নথি বা দলিল কমিটির কাজে আদৌ প্রয়োজন আছে কি না, সে বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে তা নিষ্পত্তির জন্য স্পিকারের কাছে পাঠাতে হবে। তবে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকার বিশেষ কোনো নথি বা দলিল কমিটির বৈঠকে পেশ করতে অনিচ্ছা প্রকাশ করতে পারবে বলে প্রস্তাবিত আইনে সুযোগ রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তিকে নোটিশ দেওয়ার পর সাড়া না দিলে, তাকে দ্বিতীয়বার নোটিশ পাঠাতে হবে এবং সেই নোটিশ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। সাক্ষী হিসেবে যাকে তলব করা হবে, তাঁকে ব্যক্তিগতভাবে কমিটির বৈঠকে হাজির হতে হবে; এ ক্ষেত্রে আইনজীবী বা প্রতিনিধির সহযোগিতা নেওয়ার সুযোগ নেই। কমিটির উদ্ঘাটিত অনিয়ম সম্পর্কে তদন্ত শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। এ ছাড়া কমিটির আদেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে সংসদীয় কমিটি। জানতে চাইলে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, এ আইনটি প্রণয়নের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩৮ বছরেও সংসদীয় কমিটির কাছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা-সংক্রান্ত আইন তৈরি হয়নি। তাই আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি নতুন এই আইন প্রণয়নের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। চলতি অধিবেশনেই জাতীয় সংসদে খসড়া আইনটি বিল আকারে উত্থাপিত হতে পারে বলে সুরঞ্জিত সেনগুপ্ত আশা প্রকাশ করেন।