সমন জারি করে সাক্ষীকে হাজির হতে বাধ্য করা যাবে
সংসদীয় কমিটির ক্ষমতা বৃদ্ধির আইন ফের মন্ত্রিসভায় যাবে
সংসদীয় কমিটির ক্ষমতা বাড়ানোর আইন পুনরায় মূল্যায়ন করবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এরপর এটি পুনর্বিবেচনার জন্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে। আইনমন্ত্রী শফিক আহমেদ এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এ কথা জানিয়েছেন।গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির ৪৩তম বৈঠকে মন্ত্রী এ কথা জানান বলে জানা গেছে। বৈঠকে ওই আইনটি মন্ত্রিসভার বৈঠকে নাকচ হওয়ার ব্যাপারে আইনমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়।এ প্রসঙ্গে আলোচনার সময় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদীয় কমিটিকে শক্তিশালী করতে একটি আইন প্রণয়ন করতে হবে জেনেই একটি বিলের খসড়া দিয়েছিলাম। সেটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনও করা হয়েছিল। কিন্তু সেখানে সেটি গ্রহণ করা হয়নি। আইনমন্ত্রী আজ কমিটির কাছে এর কারণ স্পষ্ট করেছেন।’সভা শেষে আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী ভারতসহ অনান্য গণতান্ত্রিক দেশে সংসদীয় কমিটির কার্যপরিধি জেনে আরও পরীক্ষা-নিরীক্ষা করে বিলটি পুনরায় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের পরিকল্পনা আছে। এ ব্যাপারে সংসদীয় কমিটির সহায়তা চাওয়া হয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ সংসদীয় পদ্ধতির দেশগুলোতে এ ধরনের আইন আছে। রাষ্ট্রপতিশাসিত সরকার-ব্যবস্থার দেশ যুক্তরাষ্ট্রেও এমন আইন আছে। তিনি বলেন, নির্বাহী ক্ষমতার অধিকারীদের ওপর আইনসভার কর্তৃত্ব ও জবাবদিহি নিশ্চিত করার এটিই হচ্ছে সাংবিধানিক ভিত্তি। এ আইন প্রণয়নের সিদ্ধান্ত শুধু আইন মন্ত্রণালয়ের নয়, নবম সংসদের সব সংসদীয় কমিটির সভাপতিরা একত্রে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।এর আগে তৈরি করা ‘জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটি (সাক্ষী, তলব ও দলিলপত্র দাখিল) আইন-২০১১’-এর চূড়ান্ত খসড়ায় বলা হয়েছিল, প্রয়োজনে সমন জারি করে সাক্ষীকে কমিটির সামনে হাজির করাতে বাধ্য করতে পারবে সংসদীয় কমিটি। যেকোনো ধরনের তদন্তের ক্ষেত্রে সংসদীয় কমিটি দেওয়ানি আদালতের ক্ষমতা পাবে।ওই খসড়া অনুসারে, সংবিধানের ৭৬ অনুচ্ছেদের দফা (৩) কার্যকর করতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা প্রয়োজন। সংবিধানের ৭৬(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘এই অনুচ্ছেদের অধীন গঠিত কমিটিসমূহকে উহার তদন্তাধীন কোনো বিষয় বা ঘটনার সহিত সম্পৃক্ত সাক্ষীদের হাজিরা বলবৎ করার এবং শপথ ঘোষণা বা অন্য কোনো উপায়ের অধীন করিয়া তাহাদের সাক্ষ্যগ্রহণ ও দলিলপত্র দাখিল করিতে বাধ্য করার ক্ষমতা প্রদান করিতে পারিবেন।’গত ৩০ মে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নাকচ করা হয়। এ নিয়ে ৫ জুন সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন একাধিক সংসদীয় কমিটির সভাপতি ও ক্ষমতাসীন জোটের সদস্যরা।এর আগে ১৫ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ৩৬তম বৈঠকে ২১টি সংসদীয় কমিটির সভাপতি অংশ নেন। ওই বৈঠকেই খসড়াটি চূড়ান্ত করা হয়েছিল।