বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্প্রচার সংস্থা নিম্বাসের চুক্তির বিভিন্ন দিক তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে নিম্বাসের সঙ্গে ক্রিকেট বোর্ডের চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার পর দুদক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।এরই মধ্যে বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে দুদক ক্রিকেট বোর্ডের সভাপতিকে চিঠি দিয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিসিবির সঙ্গে নিম্বাসের এই চুক্তি হয়েছিল।দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, বিসিবির বিরুদ্ধে ৩৩ দশমিক ৭৭ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়টি অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দলের খেলাগুলো সম্প্রচারের জন্য ক্রিকেট বোর্ড ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান নিম্বাসের সঙ্গে যে চুক্তি করেছিল, তা পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। তাই এ-সংক্রান্ত সকল চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি দুদকের সহকারী পরিচালকের বরাবর পাঠাতে বলা হয়েছে। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।এ চুক্তির ঘটনায় বিসিবির বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুব আনামকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া এই চুক্তির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানেরও সম্পর্ক ছিল বলে অভিযোগপত্রে বলা হয়।এর আগে গত মাসে ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি নিম্বাসের সঙ্গে চুক্তির বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবিকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছিল। কমিটি সম্প্রচার সংস্থা নিম্বাসের কাছে বিসিবির পাওনা ১০০ কোটি টাকা আদায় না হওয়ার জন্য চুক্তির অস্পষ্টতাকে দায়ী করেছিল। আর এই অস্পষ্টতার জন্য হাওয়া ভবন ও আরাফাত রহমানের সম্পৃক্ততাকেই দায়ী করেছে তারা।ক্রীড়া মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, নিম্বাসের কাছে বিসিবির যে ১০০ কোটি টাকা পাওনা রয়েছে, তা মূলত চুক্তির অস্পষ্টতার কারণেই আদায় হচ্ছে না। তাই বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।