সংসদীয় কমিটির প্রশ্ন: গ্রামীণ ব্যাংক কেন নিবন্ধিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক কেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-২০০৬-এর আওতায় নিবন্ধিত নয়, তা মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ক্ষুদ্রঋণ বিষয়ে আলোচনায় এ তথ্য জানতে চাওয়া হয়।দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বৈঠক-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) বলেন, ‘মাইক্রোক্রেডিট ৭০-এর দশক থেকে চলমান থাকলেও ২০০৬ সালের আগে কোনো আইন ছিল না। ২০০৬ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন করা হয়। কিন্তু গ্রামীণ ব্যাংক এখনো কেন এই আইনের আওতায় নিবন্ধন নেয়নি, সেটাই আমরা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের কাছে জানতে চেয়েছি। মন্ত্রণালয়ের উত্তরের পর আমরা এ বিষয়ে সুপারিশ করব। মাইক্রোক্রেডিট নিয়ে যেহেতু একটা আইন আছে, সেখানে কোনো প্রতিষ্ঠান এর বাইরে থাকতে পারে না। গ্রামীণ ব্যাংক তাহলে কোন আইনের আওতায় তার ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাচ্ছে?’এক প্রশ্নে জবাবে লোটাস কামাল বলেন, ‘দেশে একটি রেগুলেটরি আইন থাকলেও এর কার্যক্রম দুর্বল এবং নাজুক অবস্থায় আছে। কমিটি মনে করে ক্ষুদ্রঋণ কার্যক্রম আরও নিয়ন্ত্রিত হওয়া দরকার। সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।’আরেক প্রশ্নের জবাবে কামাল বলেন, ‘কমিটির আজকের বৈঠকে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করিনি। যদিও বেশ কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে, আমরা (কমিটি) ইউনূসকে তলব করব। গ্রামীণ ব্যাংক ও ইউনূসের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে যেহেতু খুব শিগশিগর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে, সে জন্য আমরা আলাদা করে আলোচনা করিনি। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর সংসদীয় কমিটিতে আমরা আলোচনা করব।’সংসদ সচিবালয় সূত্র জানায়, যুবকের মতো আরও অনেক প্রতিষ্ঠান হঠকারীভাবে বাংলাদেশে কাজ করছে বলে যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সেই সঙ্গে যুবকের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শেয়ারবাজার-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লোটাস কামাল বলেন, ‘বর্তমানে আমাদের পুঁজিবাজার কোনো মৌলিক অবস্থায় নেই। বিরাজমান অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থমন্ত্রী বলেছেন, বাজারে কারসাজির কারণে দরপতন হচ্ছে। সংসদীয় কমিটিও এটি খতিয়ে দেখবে।’কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম কে আনোয়ার, মো. তাজুল ইসলাম, এম এ মান্নান এবং ফরিদা রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস-চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক, পিকেএসএফের এমডি কাজী মেসবাহউদ্দিন আহমেদ, এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুল নবী তালুকদার, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।