সংসদীয় কমিটির সভাপতি থেকে অলি বাদ
সংসদে নতুন গঠিত রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পুনর্গঠন করা হয়েছে ১৩টি কমিটি। পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদকে। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতির পদ থেকে বাদ পড়েছেন শেখ মুজিবুর রহমান।আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মতিউর রহমানকে। এ কমিটির অন্য সদস্যরা হলেন মারুফ সাকলান, শাহ আলম, আ ক ম বাহাউদ্দিন, মাজহারুল হক প্রধান, তানভির শাকিল, গোলাম ফারুক মোহাম্মদ, আবদুর রাহমান ও রেহানা আক্তার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদকে। এ কমিটির অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান নুর, জুনায়েদ আহমেদ, আবদুল্লাহ আল কায়সার, ফজিলাতুন্নেসা ইন্দিরা, কে এম খালিদ ও সৈয়দা আশিফা আশরাফি।সাতটি কমিটির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সরকারি প্রতিশ্রুতি কমিটির নতুন সভাপতি হয়েছেন আলী আশরাফ। এ কমিটির আগের সভাপতি ছিলেন ফজলে রাব্বি মিয়া। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে ফজলে রাব্বি মিয়াকে। এ কমিটির আগের সভাপতি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।অনুমিত হিসাব কমিটির নতুন সভাপতি ধীরেন্দ্র দেবনাথ। এ কমিটির আগের সভাপতি ছিলেন এ এইচ এন আশিকুর রহমান। পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির নতুন সভাপতি এ এইচ এন আশিকুর রহমান। এ কমিটির আগের সভাপতি ছিলেন অলি আহমদ এবং তিনিই ছিলেন সংসদীয় কমিটির একমাত্র বিরোধীদলীয় সভাপতি।পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে। এই কমিটির আগের সভাপতি ছিলেন প্রয়াত নেতা আবদুর রাজ্জাক।তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির নতুন সভাপতি এ কে এম রহমত উল্লাহ। এ কমিটির আগের সভাপতি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে মোস্তফা ফারুক মোহাম্মদকে। এ কমিটির আগের সভাপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। এ ছাড়া লাইব্রেরি কমিটি, বস্ত্র ও পাট, জনপ্রশাসন, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যপদে রদবদল করা হয়েছে।