সংসদীয় কমিটির সুপারিশে বিটিআরসির আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজিডব্লিউ, আইসিএক্স এবং আইআইজি লাইসেন্সের আবেদনপত্র মূল্যায়ন বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ব্যাপারে আপত্তি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে তারা এ আপত্তি জানায়।সূত্র জানায়, আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে), আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) এবং আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) লাইসেন্স দেওয়ার জন্য বিটিআরসি নিজেদের লোক নিয়ে পৃথক তিনটি মূল্যায়ন কমিটি করেছে। সংসদীয় কমিটির গত ১৮ ডিসেম্বরের সভায় এসব কমিটিতে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।আজ বৈঠকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস জানিয়েছেন, কমিটির সুপারিশের সঙ্গে তাঁরা একমত। এ জন্য তাঁরা মূল্যায়ন কমিটিতে অন্তর্ভুক্ত করতে তিনজন প্রতিনিধির নামের তালিকা বিটিআরসিতে পাঠিয়েছেন।কিন্তু বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং মন্ত্রণালয়ের সচিবের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বলে সূত্র জানায়। জিয়া আহমেদ জানিয়েছেন, লাইসেন্সের আবেদন মূল্যায়নের জন্য বিটিআরসিতে যথেষ্ট সংখ্যক বিশেষজ্ঞ ব্যক্তি আছেন। বাইরে থেকে কাউকে নেওয়ার প্রয়োজন নেই। তা ছাড়া বিটিআরসির মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে। এ অবস্থায় মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিশেষজ্ঞ ব্যক্তির জন্য অপেক্ষা করা সম্ভব নয়।বৈঠক শেষে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ১৫৩টি আবেদনের মূল্যায়ন চলছে। বিষয়টি স্পর্শকাতর। তাই কমিটি মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিশেষজ্ঞ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে মূল্যায়নকাজ ধীরে করার পরামর্শ দিয়েছে। ইনু জানান, বিটিআরসি কমিটির সুপারিশ আমলে না নিলে করণীয় সম্পর্কে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।হাসানুল হক আরও জানান, আজ বৈঠকে মোবাইল ফোন নম্বরের ক্ষেত্রে পোর্টেবিলিটি পদ্ধতি চালু করার সুপারিশ করা হয়েছে। এই পদ্ধতি চালু হলে যেকোনো ব্যক্তি ভালো সেবা না পেলে তিনি তাঁর ব্যবহার করা নম্বরটি অপরিবর্তিত রেখে (প্রথম তিনটি সংখ্যা বাদে) অন্য কোম্পানি থেকে মোবাইল ফোন সেবা নিতে পারবেন। বর্তমানে কেউ এক কোম্পানির ফোন ছেড়ে অন্য কোম্পানির নম্বর নিলে তিনি পুরোনো নম্বরটি ফিরে পান না। সে জন্য ভালো সেবা না পেলেও অনেকে বাধ্য হয়ে পুরোনো নম্বরটি ব্যবহার করেন। তিনি আরও জানান, এই পদ্ধতি চালু করতে টু-জি লাইসেন্সিং নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এরই মধ্যে ভারত ও পাকিস্তান এই পদ্ধতি চালু করেছে।কমিটির সভাপতি আরও জানান, বাংলাদেশে কপার ক্যাবলের চাহিদা রয়েছে ১২ থেকে ১৫ হাজার ক্যাবল কিলোমিটারের। কিন্তু উত্পাদন হচ্ছে মাত্র নয় হাজার ক্যাবল কিলোমিটার। সে জন্য কমিটি বাংলাদেশ ক্যাবল শিল্প প্রতিষ্ঠানকে অতিরিক্ত চাহিদা অনুযায়ী কপার ক্যাবল উত্পাদনের সুপারিশ করেছে। অতীতে আমলারা সরকারি এই প্রতিষ্ঠানকে উত্পাদনের সুযোগ না দিয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বিদেশ থেকে ক্যাবল আমদানি করেছে।হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ, আবদুল ওদুদ, খালিদ মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।