নবম জাতীয় সংসদের মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৬টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে ১১টি গত প্রায় দুই বছরে নিয়মিত সভা করেছে। মন্ত্রণালয়-সম্পর্কিত বাকি ২৫টি কমিটি নিয়মিত সভা করতে পারেনি। অথচ সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৮ ধারায় বলা হয়েছে, মন্ত্রণালয়-সম্পর্কিত প্রতিটি সংসদীয় কমিটি মাসে অন্ততপক্ষে একটি বৈঠক করবে।জাতীয় সংসদ সচিবালয়ের সূত্রমতে, মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিগুলো এ পর্যন্ত মোট ৮০৮টি বৈঠকে সহস্রাধিক সুপারিশ করেছে। তবে এসব সুপারিশ কতটা বাস্তবায়িত হয়েছে, সে সম্পর্কিত হিসাব অধিকাংশ কমিটির কাছে নেই। অধিকাংশ কমিটি সংসদে তাদের বার্ষিক প্রতিবেদনও দেয়নি।কমিটির কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু কয়েকটি কমিটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরোধও সৃষ্টি হয়।সংসদ সচিবালয় সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদ শুরু হওয়ার এক মাসের মধ্যে সংসদের ৪৮টি সংসদীয় কমিটির অধিকাংশ গঠন করা হয়। এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১২টি সংসদ কমিটি। উপকমিটি হয়েছে ১০৩টি। দেশের সংসদীয় ইতিহাসে এবারই প্রথম এত দ্রুততম সময়ে কমিটি গঠিত হয়েছে। অষ্টম জাতীয় সংসদ শুরুর এক বছর পর কমিটি গঠিত হয়েছিল।সূত্র জানায়, মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিগুলো মোট সভা করেছে ৮০৮টি। উপকমিটিগুলো মোট ২৯৮টি সভা করেছে। মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিগুলোর মধ্যে সর্বোচ্চ ৩১টি করে বৈঠক করেছে আইন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি ২৯টি সভা করে। নিয়মিত বৈঠক করা অন্য কমিটিগুলো হলো: স্বরাষ্ট্র, মুক্তিযুদ্ধ, ডাক ও টেলিযোগাযোগ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ধর্ম, পরিকল্পনা, তথ্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। সবচেয়ে কম (১২টি) বৈঠক করেছে প্রাথমিক ও গণশিক্ষা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কার্যপ্রণালি বিধি অনুসারে কমিটিগুলোর মাসে অন্তত একটি বৈঠক করার কথা। কিন্তু অধিকাংশ কমিটির নিয়মিত সভা করতে না পারাটা বিস্ময়কর! মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রধান কাজ হলো সংসদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা। এটি অবশ্যই তাদের করতে হবে।সূত্র জানায়, সংসদ কমিটিগুলোর মধ্যে পিটিশন, বিশেষ অধিকার-সম্পর্কিত ও কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত স্থায়ী কমিটি এ পর্যন্ত কোনো সভা করেনি। এ তিন কমিটিরই সভাপতি পদাধিকারবলে স্পিকার। তিনি এ ব্যাপারে বলেন, এসব কমিটির বৈঠক করার কোনো বাধ্যবাধকতা নেই। কোনো পিটিশন না থাকলে পিটিশন কমিটি কি নিষ্পত্তি করতে বৈঠক করবে?বার্ষিক প্রতিবেদন দেয়নি অধিকাংশ কমিটি: নবম সংসদের বয়স দুই বছর হলেও ৪৮টি কমিটির অধিকাংশই এখনো তাদের বার্ষিক প্রতিবেদন দেয়নি। এ পর্যন্ত যে ২০টি কমিটি প্রতিবেদন দিয়েছে, এগুলোর ১৫টিই মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি।সূত্র জানায়, প্রতিবেদন দেওয়া কমিটিগুলোর মধ্যে সুপারিশ বাস্তবায়নের হিসাব দিয়েছে আটটি কমিটি। এগুলোর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, প্রতিরক্ষা, শিল্প, যুব ও ক্রীড়া, তথ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতির হিসাবও দিয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয়, সরকারি প্রতিশ্রুতি, যোগাযোগ, মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, পরিকল্পনা, শ্রম ও কর্মসংস্থান, সরকারি প্রতিষ্ঠান ও অনুমিত হিসাব কমিটির প্রতিবেদনে রয়েছে তাদের বৈঠকের কার্যপত্র।বিরোধী দলের সভাপতি থাকা কমিটিরও একই হাল: সরকারি দল আওয়ামী লীগের বাইরে এবারই প্রথম প্রধান বিরোধী দল বিএনপিকে দুটি, এলডিপিকে একটি, জাতীয় পার্টিকে দুটি, ওয়ার্কার্স পার্টি ও জাসদকে একটি করে সংসদীয় কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে। এসব কমিটির মধ্যে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি ও অলি আহমদের নেতৃত্বাধীন পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি নিয়মিত সভা করেছে।বিএনপির আশরাফউদ্দিন নিজান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি এবং আবদুল মোমিন তালুকদার বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি। এ দুটি কমিটি গত ডিসেম্বর পর্যন্ত ১২টি সভা করেছে।আশরাফউদ্দিন নিজান এ বিষয়ে বলেন, বিরোধী দলকে কমিটির সভাপতি করা হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। কারণ কমিটির কোনো সুপারিশই মন্ত্রণালয় আমলে নিচ্ছে না। তাহলে কমিটির বৈঠক করে লাভ কী?কমিটি-মন্ত্রণালয় বিরোধ: মন্ত্রণালয়-সম্পর্কিত বেশ কয়েকটি কমিটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্পর্কের টানাপোড়েন থেকে একপর্যায়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয়পক্ষই প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছে। মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়েছে, কমিটির সদস্যরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুপারিশ করেন। অন্যদিকে কমিটি অভিযোগ করেছে, মন্ত্রণালয় তাদের সুপারিশ আমলে নেয় না।সংসদীয় কমিটির সঙ্গে মন্ত্রীদের বিরোধ নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৮ জুলাই ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতিদের নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি কমিটির সভাপতিদের মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। কিন্তু এতেও বিরোধ কমেনি।জানা গেছে, যোগাযোগ, বিমান ও পর্যটন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিসহ বেশ কয়েকটি কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের বিরোধ এখনো রয়েছে। যেমন ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাব) বাস্তবায়ন এবং প্রস্তাবিত রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন নিয়ে গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সঙ্গে ওই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বিরোধ এখনো মেটেনি। বিমানবন্দরের সামনের একটি জায়গা ইজারা দেওয়া এবং নাইজেরিয়াভিত্তিক ক্যাবো এয়ারের বিতর্কিত একটি উড়োজাহাজ নিয়ে বিমানমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মোশাররফ হোসেনের বিরোধও মেটেনি।বিধি যথাযথ পালিত হয়নি: কার্যপ্রণালি বিধির ১৮৮ ধারা অনুযায়ী, কমিটিতে সাংসদের আর্থিক, প্রত্যক্ষ ও ব্যক্তিগত স্বার্থ বিবেচিত হতে পারে, এমন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সাংসদকে কমিটির সদস্য করা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, গৃহায়ণ ও গণপূর্ত, যোগাযোগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ক্ষেত্রে এই বিধি যথাযথ পালিত হয়নি। যেমন গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির ১০ সদস্যের মধ্যে আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু (ঢাকা-৩) ও এনামুুল হক (রাজশাহী-৪) ভূমি ও আবাসন ব্যবসায়ী। জানা গেছে, নসরুল হামিদ হামিদ রিয়েল এস্টেটের মালিক এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি। এনামুল হক এনা প্রপার্টিজ লিমিটেডের মালিক। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সড়ক ও জনপথ বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সদস্য গোলাম কিবরিয়া টিপু লঞ্চ পরিবহন (এমভি টিপু) ব্যবসায়ী।এ সম্পর্কে জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ প্রথম আলোকে জানান, এ ধরনের অভিযোগ তাঁর কাছে এসেছে। ভবিষ্যতে বিষয়গুলো আমলে নেওয়া হবে।তিন বিশেষ কমিটি: নবম সংসদে নিয়মিত কমিটিগুলোর বাইরে তিনটি বিশেষ কমিটি করা হয়েছে। এর মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা ১২২টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটি এবং বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের আর্থিক অনিয়ম তদন্তে গঠিত বিশেষ কমিটি বিলুপ্ত হয়ে গেছে। গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনের জন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত অপর বিশেষ কমিটি বর্তমানে কাজ করছে।