প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক পন্থায় দেশ চলবে। অন্যান্য সংসদীয় সরকার পদ্ধতির দেশে যেভাবে জাতীয় নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবেই নির্বাচন হবে। যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, তারাই ভোট পাবে।’ গতকাল বৃহস্পতিবার গণভবনে খুলনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও লঞ্চডুবিতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী বিরোধী দলের ১২ মার্চের কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ায় হয়তো মানুষের কষ্ট হয়েছে। যদি ১৮ ডিসেম্বরের মতো বোমাবাজি হতো, তখন কী অবস্থা হতো? তখন বলতেন, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কেবল নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি ১৮ ডিসেম্বরের অভিজ্ঞতার আলোকে। আমরা তো তাদের লোকদের আনতে বাধা দিইনি। তাদের সমাবেশে যত লোক আসার, তারা এসেছে।’ ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি আইএসআইয়ের কাছ থেকে টাকা নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সে নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জামায়াতের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল। আমি তখন সূক্ষ্ম কারচুপির কথা বলেছিলাম। এত বছর পর আমার কথা প্রমাণিত হয়েছে।’ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলায় জয়লাভের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৩ সালে বঙ্গবন্ধু সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করেন। কিন্তু ১৯৭৫ সালের পর কোনো সরকার দেশের সীমানা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ বছর সরকার গঠন করেই আমরা পদক্ষেপ নিই। এ ব্যাপারে যথেষ্ট কাজ করতে হয়েছে। আমাদের জয় হয়েছে। যা চেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরে এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটারের মতো জায়গার মত্স্য, জলজ, খনিজ সম্পদের অধিকার হয়েছে আমাদের। এটা বড় অর্জন। আমরা সরকারে না এলে বা সময়মতো দাবি পেশ না করলে এটা হাতছাড়া হয়ে যেত।’ শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানি শাসকদের মতোই জিয়া ও খালেদা জিয়া আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর ’৭১ সালের মতো অত্যাচার করা হয়েছে। তার পরও আওয়ামী লীগকে দমাতে পারেনি। তিনি বলেন, সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। জনগণের ভোটের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময় প্রায় পাঁচ হাজারের মতো জায়গায় নির্বাচন হয়েছে। কোথাও ভোটের অধিকার নিয়ে কোনো অভিযোগ ছিল না। অথচ বিএনপির সময় ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় ২০০ লোক নিহত হয়েছিল। প্রত্যেকটা নির্বাচনে কারচুপি হয়েছিল।’মতবিনিময়কালে সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মহীউদ্দীন খান আলমগীর, মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।