সংসদে অনাস্থা কিংবা আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে: আশরাফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক সরকারকে সরাতে হলে বিরোধী দলকে সংসদে এসে অনাস্থা প্রস্তাব আনতে হবে, কিংবা আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই। আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে বিএনপির সরকার পতনের আন্দোলনের হুমকির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সৈয়দ আশরাফ এ কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, ‘আইন মেনে দাবি-দাওয়া তুলে ধরুন। এ ক্ষেত্রে ভাঙচুর বা কোনো ধরনের অগণতান্ত্রিক পন্থা সহ্য করা হবে না।’যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হবে। এলাকা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন নাগরিক সুবিধা বাড়াতে সরকার রাজধানী ঢাকাকে ঘিরে নানা পরিকল্পনা শিগগিরই হাতে নেবে।এর আগে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কার্যালয়ে (সাইট অফিসে) কাজের অগ্রগতি নিয়ে সভা করেন স্থানীয় সরকারমন্ত্রী। প্রসঙ্গত, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভার প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।