সংসদে আক্রমণাত্মক ভাষা সংবাদপত্রের জন্য হুমকি
জাতীয় সংসদের অধিবেশনে গত মঙ্গলবার সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। এতে সাংসদদের পাওয়া সুবিধা ও আচরণ নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় যেসব সমালোচনা হয়েছে, সেসব নিয়ে কয়েকটি পত্রিকা এবং সাংবাদিকদের নাম উল্লেখ করে সাংসদেরা ক্ষোভ প্রকাশ করেন।সংসদে এ আলোচনায় অংশ নেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ বিষয়ে তাঁর কাছে বিবিসির পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, সাংসদদের চরিত্র হননে বেশ কয়েকটি পত্রিকা বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছে। পত্রিকায় সাংসদদের বিদেশভ্রমণকে ভ্রমণবিলাস ও পরামর্শকে ‘সবক’জাতীয় শব্দ ব্যবহার করা হচ্ছে এবং সাংসদদের প্রাপ্য সুবিধা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।তবে সাংবাদিকদের প্রতি তীব্র আক্রমণাত্মক ভাষা সংবাদপত্রের জন্য হুমকি বলে মনে করেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবাদপত্র আদর্শ জাগায় পৌঁছেছে তা নয়, তবে সাংসদদের ভাষা ও আচরণে উদ্বিগ্ন হওয়ার ব্যাপার আছে। সংসদে যাঁদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তাঁদের ব্যাপারে কথা বলা বিধি অনুযায়ী নিষেধ আছে। যে সম্পাদকের নাম করে তাঁরা সমালোচনা করেছেন, তাঁর সেখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো নিজেদের প্রিভিলেজ রক্ষা করতে গিয়ে যখন নিজেরা নিজেদের বিধি ভেঙে সব সমালোচনা ও তীব্র আক্রমণাত্মক কথাবার্তা বলেন, এতে বোঝা যায়, তাঁরা যে প্রিভিলেজ আইন করতে চান, তা কী ধরনের আইন হবে? এ ধরনের আক্রমণকে আমি সংবাদপত্রের কণ্ঠরোধ করার এক ধরনের হুমকি মনে করি।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, ৩০টির মতো ঘটনা আছে, যেখানে সাংবাদিকেরা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন। হয় সাংসদদের দ্বারা, নয়তো তাঁদের সমর্থকদের দ্বারা এবং কোনো কোনো ক্ষেত্রে তাঁরা দুঃখ প্রকাশ করেছেন, কখনো তাঁদের কথায় প্রভাবান্বিত হয়ে পুলিশ কোনো রকম পদক্ষেপ নিতে পারেনি। পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন সাংবাদিক। তাঁর মতে, বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশের জন্য এমন ঘটনা একেবারেই অনভিপ্রেত। তবে সংসদে যে আলোচনা হয়, তা একটি অনির্ধারিত আলোচনা এবং তা দেড় ঘণ্টাব্যাপী হয়েছিল।গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সংসদ অনেক ক্ষমতাধর একটি প্রতিষ্ঠান, এতে কোনো সন্দেহ নেই। তবে সাংসদদের কারও কারও মনে একটা ধারণা হতে পারে যে যেহেতু তাঁরা অনেক ক্ষমতার মালিক, তাঁদের সমালোচনা করবে, তারা আবার কে? সাংসদদের গাড়ির ব্যাপারে পত্রিকায় তীব্র সমালোচনা করা হয়েছে। বিভিন্ন সময়ের এমন সমালোচনা সাংসদদের মনে এমন ধারণা দিয়েছে, ‘আমরা যদি এখনই কথা না বলি, তারা সব সময়ই আমাদের সমালোচনা করবে।’