সংসদে আজও কুৎসিত বক্তব্য, হাতুড়ি পিটিয়ে থামালেন স্পিকার
জাতীয় সংসদে আজ সোমবারও বিরোধী দলের সংরক্ষিত নারী আসনের সাংসদ আসিফা আশরাফী পাপিয়া অশ্লীল ও আপত্তিকর বক্তব্য দেন। তাঁর বক্তব্যের পর সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে স্পিকার আবদুল হামিদ টেবিলে হাতুড়ি পেটান।বক্তব্যের শুরুর দিকেই রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে ‘মেরুদণ্ডহীন রাষ্ট্রপতি’ বলে পাপিয়া মন্তব্য করেন। স্পিকার এই বক্তব্য এক্সপাঞ্জ করেন।এ সময় বিরোধী দলের সাংসদদের ওপরের সারিতে বসা আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাংসদেরা চিত্কার করে ‘অসত্য বক্তব্য, অসত্য বক্তব্য’, ‘চুপ কর, চুপ কর’ বলে চিত্কার করেন।পাপিয়ার বক্তব্যের শেষে স্পিকার বলেন, ‘এ ধরনের বক্তব্য রাখা ঠিক নয়।’ বিরোধী দলের চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, ‘আমি আপনাকে বললাম, সিনিয়র সদস্যদের দেন। পরিবেশ ঠিক থাকুক। সুন্দর বক্তব্য পাবেন।’ তিনি বলেন, ‘গঠনমূলক সমালোচনা করুন। দেশবাসী প্রশংসা করবে।’এর আগে গতকাল বিএনপির আরেক সাংসদ রেহানা আক্তার রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে গিয়ে অসংসদীয় শব্দ ব্যবহার করেন, যা স্পিকার এক্সপাঞ্জ করেন। তাঁর জবাবে ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘যে ধরনের ভাষা সংসদে ব্যবহার হয়েছে, তা নিষিদ্ধ পল্লিতেও ব্যবহার হয় না।’ এর জবাবে পাপিয়া আজ বলেন, ‘যারা নিষিদ্ধ পল্লির সদস্য, তারাই নিষিদ্ধ পল্লির ভাষা বলতে পারে।’ পাপিয়া প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এরশাদ, গোলাম আযম ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে জড়িয়ে ‘অশালীন’ বক্তব্য দেন। এ সময় তিনি মতিউর রহমান রেন্টুর বই থেকে উদ্ধৃত করে কিছু ‘আপত্তিকর’ কথা বলেন। পাপিয়া আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ মাতাল হওয়া এবং অবৈধ অস্ত্র রাখার কারণে আমেরিকায় পুলিশের হেফাজতে ছিলেন।এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, ‘সুন্দর ভাষায় কথা বলুন। এটা সরকার ও বিরোধী দল উভয়ের জন্যই লজ্জার।’সংসদে পাপিয়া প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘অশ্লীল’ বক্তব্য দেন। পরে স্পিকার তা এক্সপাঞ্জ করেন। ধন্যবাদ প্রস্তাবে আলোচনা জন্য পাপিয়ার সময় ১০ মিনিট বরাদ্দ ছিল। তাঁর বক্তব্যে আপত্তিকর শব্দ থাকায় স্পিকার একবার তার মাইক বন্ধ করে দেন।তাঁর এসব বক্তব্যের সময় সরকারি দলের সব সাংসদই চিত্কার করে উঠেন। অনেকে পাপিয়ার মাইক বন্ধ করে দিতে স্পিকারের প্রতি দাবি জানান। একপর্যায়ে বাপ্পী ও ইন্দিরা যে সারিতে বসেন, তার একেবারে শেষ মাথায় বসে থাকা বেবী মওদুদ উঠে দাঁড়িয়ে পাপিয়ার বক্তব্যের প্রতিবাদ করেন। সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ এবং বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উঠে গিয়ে নারী সাংসদদের নিবৃত্ত করেন।এ সময় স্পিকার পাপিয়ার মাইক বন্ধ করে টেবিলে হাতুড়ি ঠুকে সবাইকে শান্ত হতে বলেন। তিনি বলেন, ‘কোনো অশ্লীল বক্তব্য দেবেন না।’সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দেওয়ার সময় গতকাল রোববারের মতোই পাপিয়ার বক্তব্যের পরে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার মন্তব্য করেন, পাপিয়ার ‘অশ্লীল ও আপত্তিকর শব্দ’ ব্যবহার সংসদের জন্য ‘লজ্জাজনক’। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।