বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে রোববার জাতীয় সংসদে বিরূপ সমালোচনা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী।গতকাল সোমবার দুপুরে সংসদ ভবনের মন্ত্রী হোস্টেলের আইপিডি সম্মেলনকেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন।ডেপুটি স্পিকার বলেন, একটি পত্রিকা দেখে, বিষয়টি সম্পর্কে ভালোভাবে না জেনে তাঁর মতো সম্মানিত ব্যক্তিকে নিয়ে বিরূপ সমালোচনা করা ঠিক হয়নি। একজন সংসদ সদস্য ভুল করতে পারেন। তাই বলে তিনজন ভুল করবেন, এটা তো ঠিক নয়। তিনি বলেন, এ নিয়ে কথা বলার আগে বিষয়টি ভালো করে যাচাই-বাছাই করা উচিত ছিল।শওকত আলী বলেন, ‘আমি দেখেছি, একটি মাত্র পত্রিকায় তাঁর (আবদুল্লাহ আবু সায়ীদ) বক্তব্য ছাপা হয়েছে। তা ছাড়া উনি নিজেও বলেছেন, সংসদ সদস্যদের অবমাননা করে তিনি কোনো কথা বলেননি। সংসদ তো এত হালকা জায়গা নয় যে সবকিছুর প্রতিক্রিয়া দেখাতে হবে, তা-ও আবার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে।’ডেপুটি স্পিকারের মতে, সংসদে এ ধরনের আলোচনা ওঠার সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আমি সংসদে থাকলে এ আলোচনা হতে দিতাম না। কারণ, আবু সায়ীদ সম্মানিত ব্যক্তি। অন্তত আমি তাঁকে শ্রদ্ধা করি। তাঁর বিরুদ্ধে কথা বলার সময় জেনে কথা বলা উচিত।’এ বিষয়ে সংসদে কিছু বলবেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘যদি কেউ আবার কথা তোলেন, তবে বলব। নিজে থেকে কথা তুলব না। স্পিকার চাইলে এ বিষয়ে কথা বলতে পারেন।’অবশ্য রাতে সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে ডেপুটি স্পিকার শওকত আলী এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, রোববার সংসদে ইনকিলাব পত্রিকায় প্রকাশিত অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের একটি বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। কয়েকজন মাননীয় সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। এরপর সোমবার পত্রিকায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের একটি বিবৃতি ছাপা হয়েছে। সেখানে তিনি বলেছেন, তিনি ওই রকম কোনো কথা বলেননি। সুতরাং, অধ্যাপক আবু সায়ীদ প্রেস কাউন্সিলে যেতে পারেন অথবা আইনের আশ্রয় নিতে পারেন।গত রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম অভিযোগ করেন, টিআইবির এক অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের দেওয়া বক্তব্যে সংসদ ও সাংসদদের অবমাননা হয়েছে। এরপর সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু অধ্যাপক আবু সায়ীদের কঠোর সমালোচনা করেন। তাঁকে সংসদে তলব করার জন্য সাংসদদের কাছ থেকে নোটিশ আহ্বান করেন ওই সময় স্পিকারের আসনে থাকা প্যানেল স্পিকার আলী আশরাফ। তিনি বলেন, অধ্যাপক আবু সায়ীদকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে।