‘গোছায়া গাছায়া লন, বেশি দিন পাইবেন না সময়/ আলামত যা দেখতাছি মানুষের অইবোই জয়/... আমিও গ্রামের পোলা, ...গাইল দিতে জানি’—কবি হেলাল হাফিজের এই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে গতকাল বুধবার সংসদে বাজেট বক্তব্য শেষ করেন বিএনপির সাংসদ শাম্মী আক্তার। আর সঙ্গে সঙ্গে হইচই করে ওঠেন সরকারি দলের সদস্যরা। তাঁরা ‘ছি ছি’ বলতে থাকেন। তখন বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে শাম্মী আক্তারকে সমর্থন দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় শাম্মী আক্তারের উদ্দেশে বলেন, ‘আপনার বক্তব্যে কিছু অসংসদীয় শব্দ রয়েছে, যা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।’অবশ্য গতকাল শাম্মী আক্তারের বক্তব্যের সময় কিছু অসংসদীয় ভাষা ও ইঙ্গিত থাকায় স্পিকার এক দফা মাইক বন্ধ করে দেন এবং বাজেটের ওপর আলোচনা করতে একাধিকবার স্মরণ করিয়ে দেন।বিরোধীদলীয় সাংসদ শাম্মী আক্তার গতকাল স্পিকারকে ‘ঝাঁসি কি রানি, লক্ষ্মীবাই’ বলে সম্বোধন করে বক্তব্য শুরু করেন। তিনি প্রস্তাবিত বাজেটকে ‘লোপাটের বাজেট’ উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী, চাপাতি লীগ, ধর্ষক লীগ, রামদা লীগ, চাঁদাবাজ লীগ। তার জন্য বড় বাজেট লাগবে।শাম্মী আক্তার অভিযোগ করেন, টিপাইমুখ বাঁধ নিয়ে প্রতিবাদ করায় ইলিয়াস আলীকে গুম করেছে সরকার। তিনি বলেন, কিছুদিন আগে গণহত্যা হয়েছে, তা নিয়ে তারেক রহমান বক্তব্য দিয়েছেন। তাতে সরকারের মধ্যে ভূমিকম্প হয়েছে। তিনি তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান।এই পর্যায়ে স্পিকার বলেন, ‘আপনি বাজেটের ওপর আলোচনা করেন।’জবাবে শাম্মী আক্তার বলেন, ‘বাজেট নিয়ে আলোচনা পরে করব। আগে রাজনৈতিক বিষয়ে কথা বলি। আপনারা নেত্রীকে খুশি করতেই ব্যস্ত। কবে কখন আমাদের নেত্রীর ছেলে পায়খানা করল, সেটা নিয়েও কথা বলছেন।’বিএনপির এই সাংসদ বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ভেজে খাচ্ছে। কিছুদিন আগে যখন ‘নাস্তিক ব্ল্লগাররা’ শাহবাগে দাঁড়িয়ে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে, তখন এখানে মন্ত্রিসভার অনেক সদস্য বলেছেন, রাজীব নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। মুক্তিযুদ্ধ জাতির জীবনে একবারই আসে। প্যাকেট প্যাকেট বিরিয়ানি খেয়ে, র্যাব-পুলিশ-ডিজিএফআইয়ের প্রহরায় থেকে মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধ নিয়ে তামাশা বন্ধ করেন। মুক্তিযুদ্ধ কারোর দয়ার দান নয়।এই পর্যায়ে শাম্মী আক্তার বলেন, ‘গলি গলি মে শোর হ্যায়, আওয়ামী চোর হ্যায়’। তিনি ‘ধানাইপানাই’ বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন দিতে বলেন।বিএনপির আশরাফ উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘আমাকে সোনার মানুষ দাও, আাামি সোনার বাংলা দেব।’ কিন্তু তাঁর চারপাশে ছিল চোর। এখনো একই অবস্থা।আওয়ামী লীগের সানজিদা খানম বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়কের কথা বলছেন, আবার তারেক রহমানকে বীরের বেশে দেশে আনতে চাইছেন। তত্ত্বাবধায়ক সরকারের কারণেই তারেক রহমানকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।’জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী কিছু দেখলে সেটা হয়, না দেখলে হয় না। অদ্ভুত এক দেশ। তিনি বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উত্থাপন করা হয় না। আমরা জানি না, জনগণ জানে না, কী চুক্তি হচ্ছে। তিস্তা-টিপাইমুখ চুক্তির কী অবস্থা, আমরা জানি না।’আওয়ামী লীগের এ বি এম আনোয়ারুল হক বিএনপির মওদুদ আহমদের উদ্দেশে বলেন, ‘কবি জসীমউদ্দীন বেঁচে থাকলে আজ তাঁর আদরের জামাতাকে দেখে দুঃখ পেতেন। তাঁর জামাতার রাজনীতি আজ দেশকে লুট করে ফোকলা করে দিয়েছে। জসীমউদ্দীন বেঁচে থাকলে তাঁর জামাতার রাজনীতি দেখে লিখতেন “ভেঙে দাও এই লুটেরার রাজ্য”।’জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাস খান বলেন, গণতন্ত্রের নামে এখন যা বলা হয়, তা অসংসদীয়। এদিকে লক্ষ রাখতে হবে।বিএনপির নাজিম উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অবলা নারী’ বলে মন্তব্য করে বলেন, তিনি মীরজাফরদের নিয়ে দেশ পরিচালনা করছেন। এই সংসদে অনেক নাচ-গানের শিল্পী আছেন। অনেক অভিনেত্রী আছেন। তাঁদের চরিত্র নিয়ে কথা বলতে চাই না। এসব অপবিত্র সংসদ সদস্যের মুখে জিয়াউর রহমান সম্পর্কে কথা বলা মানায় না।সরকারি দলের আবদুল আউয়াল বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘তারা চিৎকার ও অশ্লীল বক্তব্য দিলেও আমরা দেব না। বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।’সরকারি দলের তাজুল ইসলাম বলেন, বিরোধী দল আল্লামা শফিকে হত্যা করে দেশে গোলযোগ সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল। প্রধানমন্ত্রী এটা হতে দেননি। তিনি বলেন, ‘নাস্তিক আমরা নই। আমরা ইসলামিক। নাস্তিক আপনারা।’বিএনপির হাসিনা আহমেদ বলেন, সংবাদপত্রের কণ্ঠ রোধ করার জন্য নিউজপ্রিন্টের দাম বাড়ানো হয়েছে।আরও বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, হাবিবুর রহমান, নুরুন নবী চৌধুরী, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান খান প্রমুখ।