প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সংসদে আসুন। যে বক্তৃতা বাইরে দেন, সেটাই সংসদে এসে দেন। জনগণের কল্যাণে যেকোনো প্রস্তাব গ্রহণ করব।’ তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী বিকল্প বাজেট প্রস্তাব সংসদে এসে দিতে পারতেন। তাঁকে কেউ নিষেধ করেনি। তিনি বাইরে দিতে গেলেন কেন?আজ বুধবার আওয়ামী লীগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘এখন বুঝতে পারেন, দেশের জন্য এটা এটা করতে হবে। কিন্তু ক্ষমতায় থাকতে এসব করলেন না কেন? এখন বিকল্প বাজেট দিলেন। তখন এসব প্রস্তাব বাস্তবায়ন করলেন না কেন?’চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ভোটে এগিয়ে থাকার পরও তারা কারচুপির অভিযোগ করেছিল। এখন যদি প্রশ্ন করি, তাহলে কারচুপি করেই কি জিতেছেন? তাঁরা তো কারচুপি করেই ক্ষমতায় যান।’প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। আওয়ামী লীগ সরকার গঠন করলেই মানুষ উপলব্ধি করতে পারে সরকার তাদের জন্য। জঙ্গি, দুর্নীতিবাজেরা মানুষের কল্যাণ চায় না। পাশাপাশি তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠন শক্তিশালী হলে সরকার সফল হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম করা যাবে।এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিসভার সদস্য, দলীয় নেতা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।