সংসদে আসুন, জনকল্যাণমূলক প্রস্তাব গ্রহণ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সংসদে এসে জনকল্যাণমূলক যেকোনো প্রস্তাব দিলে তাঁরা তা গ্রহণ করবেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকাল বুধবার তাঁর দলের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।ভাষণে শেখ হাসিনা বিরোধী দলের সমালোচনার পাশাপাশি তাঁর সরকার ও দলের সাফল্য তুলে ধরেন এবং দলীয় ঐক্যের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে আসুন। যে বক্তৃতা বাইরে দেন, সেটাই সংসদে এসে দিন। জনগণের কল্যাণে যেকোনো প্রস্তাব গ্রহণ করব।’ তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী বিকল্প বাজেট প্রস্তাব সংসদে এসে দিতে পারতেন। তাঁকে কেউ নিষেধ করেনি। আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন—এ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠন করলেই মানুষ উপলব্ধি করতে পারে সরকার তাদের জন্য।’চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ভোটে এগিয়ে থাকার পরও তারা কারচুপির অভিযোগ করেছিল। এখন যদি প্রশ্ন করি, তাহলে কারচুপি করেই কি জিতেছেন? তারা তো কারচুপি করেই ক্ষমতায় যান।’ দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সংগঠন শক্তিশালী হলে সরকার সফল হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের সুখে-দুঃখে থাকতে হবে। প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জনগণের অর্থনৈতিক উন্নয়নই তাঁর সরকারের লক্ষ্য মন্তব্য করে শেখ হাসিনা বলেন, মানুষকে স্বাবলম্বী করতেই এ বাজেট দেওয়া হয়েছে।সরকারের সাফল্য ও কাজের বর্ণনা দিতে গিয়ে শেখ হাসিনা সংসদের ক্ষমতায়ন, প্রথম অধিবেশনেই স্থায়ী কমিটি গঠন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কর্মসূচি গ্রহণ, বিনিয়োগ বৃদ্ধিতে উদ্যোগ ইত্যাদি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর ব্যাপকভাবে বিনিয়োগ আসতে শুরু করেছে।’ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, চট্টগ্রামে বিএনপি জিতেছে, প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, তার পরও হরতাল কেন? খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করতে হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জনগণের মুক্তির জন্যই আওয়ামী লীগের জন্ম। সে লক্ষ্যেই এ দল কাজ করে যাচ্ছে। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির মো. আফজাল, ন্যাপের এনামুল হক, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের আবদুস সামাদ, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, ইসলামী ফ্রন্টের বাহাদুর শাহ, ইসলামী ঐক্যজোটের মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন নূহ-উল-আলম লেনিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সকালে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিসভার সদস্য, দলীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।