সংসদে আসুন, নইলে রায় অনুযায়ী সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপিকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংলাপে আসুন। তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প প্রস্তাব থাকলে সংসদে এসে বলুন।প্রধানমন্ত্রী এ কথাও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কারণেই এক-এগারো সৃষ্টি হয়েছিল। তখন রাজনৈতিক সরকার থাকলে এ পরিস্থিতি তৈরি হতো না। গতকাল শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘হয় সংসদে এসে কথা বলুন, নয়তো আমরা উচ্চ আদালতের রায় অনুযায়ী যা করার তা-ই করব।’ প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করেছিল। ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির লোক ছিলেন। ফখরুদ্দীন আহমদ বিএনপির মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন। ওই তত্ত্বাবধায়ক সরকারের কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সে সময় জামায়াতে ইসলামীর কেউ গ্রেপ্তার হয়নি। তত্ত্বাবধায়ক সরকার মানুষের কাছে আতঙ্ক। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। আদালতের রায় মানতেই হবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র, আইনের শাসন চায় না বলে হরতাল ডেকেছে। বিএনপি কিসের জন্য হরতাল ডাকল। তারা কি তত্ত্বাবধায়ক সরকারের অত্যাচারের কথা ভুলে গেছে? বাঘের কাছে ছাগল পাহারা দেওয়া যায় না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে লম্বা সময় ক্ষমতায় থাকার লোকও আছে। তিনি বলেন, কার ইশারায় বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। আন্দোলনের পরিণতি কী, তারা তা ভালো করেই জানে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা তাদের রাজনীতি।আওয়ামী লীগের সভানেত্রী বলেন, জনগণের ওপর বিএনপির আত্মবিশ্বাস নেই। তারা সুষ্ঠু নির্বাচন চায় না বলেই হরতাল দিয়েছে। জিয়ার আমলকে অবৈধ ঘোষণা করায় বিএনপি বিচার বিভাগের ওপর ক্ষুব্ধ।বিএনপির হরতাল আদালতের রায়ের বিরুদ্ধে: বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, উচ্চ আদালতের রায়ের আলোকেই সংবিধান সংশোধন করতে হবে। আদালত যা অবৈধ করেছে, তা বৈধ করার ক্ষমতা সংসদের নেই। এটা আওয়ামী লীগেরও অভিমত।’ তিনি বলেন, বিএনপি চাইলে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা করতে পারে। তবে আদালতের রায় মেনে নিয়েই তা করতে হবে।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আওয়ামী লীগ চাপে ভয় পায় না। মাথাও নত করে না। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের আলোকেই সংবিধান সংশোধন করা হবে। বিএনপির ডাকা হরতাল আদালতের বিরুদ্ধে বলে মন্তব্য করেন তিনি।ইউপি নির্বাচনের পর কাউন্সিল: বৈঠক সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের কাউন্সিল হবে। কাউন্সিল শুরুর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাতজন সাংগঠনিক সম্পাদক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনার আলোকে কাউন্সিল শুরু হবে। বৈঠকে ৭ জুন ৬ দফা দাবি দিবস এবং ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।