সংসদে আসুন, যা করার নিজেরা বসে করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বিরোধী দলকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তের চেষ্টা না করে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সংসদে আসুন, যা করার আমরা এখানে নিজেরা বসে করি। অন্যদের এ সুযোগ কেন দেব?’প্রধানমন্ত্রী বলেন, অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় এসে আর যেন রাজনীতিবিদদের হেয়প্রতিপন্ন করতে না পারে, সে জন্য বিরোধী দলের সংসদে যোগ দিয়ে সংবিধান সংশোধনে ভূমিকা রাখা প্রয়োজন। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ফজলুল আজিমের প্রশ্ন ছিল, সাম্প্রতিক সময়ে দেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষণ দেখা দিচ্ছে, তা দূর করার কোনো উদ্যোগ প্রধানমন্ত্রী নেবেন কি না? জবাবে শেখ হাসিনা বলেন, কিসের আশায় বিরোধীদলীয় নেত্রী রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে চান, জানি না। তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিবিদদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা সুবিধার জন্য আমরা সকলে মিলে তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি চালু করেছিলাম। কিন্তু সেই পদ্ধতির সুযোগ নিয়ে তাঁরা ক্ষমতায় এসে রাজনীতিবিদদের চোর বানাবে, আমাদের দুর্নীতিবাজ বলবে—সে সুযোগ কেন তাঁদের দেব? আসুন, আমরা যা করার নিজেরা বসে করি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে কাজের কাজ তো কিছু হয়নি।’ওই সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনার (খালেদা জিয়া) দুই ছেলেকে মেরে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। উনি আর আমি জেল খেটেছি। রাজনীতিবিদদের চোর বানানো হয়েছে। উচ্চমার্গের তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাজনীতিবিদ মানেই খারাপ। এখন উনি কোন আশায়, কোন ইশারায় রাজনীতি উত্তপ্ত করতে চাইছেন, তা উনিই জানেন।’সংসদ নেতা বলেন, সেনাপ্রধান থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান—সবই তো সেদিন নিজের পছন্দমতো ঠিক করে ক্ষমতা ছেড়েছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু লাভ তো হয়নি। জেলের ভাত তো তাঁরও খেতে হয়েছে। সেই জেল খাটার কথা, মার খাওয়ার কথা ভুলে গিয়ে সেই দরজা কেন আবার তিনি খুলে দিতে চান? তিনি বলেন, ‘যাদের ভোট চাওয়ার মতো ক্ষমতা নেই, জনগণের কাছে যাওয়ার শক্তি নেই, তারা রাজনীতিবিদদের করুণায় ক্ষমতায় আসে। তাদের দ্বারা আমরা লাঞ্ছিত হব, সে সুযোগ আমরা কেন দেব?’খালেদা জিয়াকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত না করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যেদিন বিলটা উত্থাপন হবে, সেদিন দুই দিনের হরতাল দিতে পারেন। যে দিন বিলটা পাস হবে, সেদিন তিন দিনের হরতাল দেবেন। এর চেয়ে বেশি কী করবেন? মানুষকে কষ্ট দেওয়া ছাড়া তো কিছু হবে না।’আওয়ামী লীগের আবদুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতার গতকালের ‘বাজেট ভাবনা’-এর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা তাঁর বাজেট ভাবনা সংসদে এসে বললে অর্থমন্ত্রী তা থেকে কিছু গ্রহণ করতে পারতেন। আসলে ওনার সংসদ থেকে হোটেলই হয়তো বেশি ভালো লাগে।’যত অর্থ প্রয়োজন ব্যয় করা হবে: জাতীয় পার্টির মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে সুশিক্ষিত করতে সরকার যত অর্থের প্রয়োজন তা ব্যয় করবে। কারণ শিক্ষা ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব হবে না। মানুষকে শিক্ষিত করে দিতে পারলে সে নিজেই খুঁজে বের করবে কীভাবে তার জীবনমান উন্নয়ন সম্ভব হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে একটা লোকও গৃহহীন থাকবে না। যারা রাস্তা আর রেললাইনের পাশে পড়ে থাকে, তারা আর সেখানে পড়ে থাকবে না।’আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করার ফলে দেশের দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী পরিবর্তন এসেছে বলে প্রতীয়মান হয় না। এতে দারিদ্র্য পরিস্থিতি কমলেও আঞ্চলিক বৈষম্য বেড়েছে। আওয়ামী লীগ এর আগের মেয়াদে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় দারিদ্র্যের হার ২০১৫ সাল নাগাদ ২২ শতাংশে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।অস্ত্র-গোলাবারুদে স্বয়ংসম্পূর্ণতার পথে রয়েছে দেশ: জাতীয় পার্টির নাসরিন জাহানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় স্বয়ংক্রিয় রাইফেল প্রস্তুত করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন প্রকার ক্ষুদ্র অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রক্রিয়াও চলছে। বর্তমান সরকারের ‘রূপকল্প-২০২১’-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ‘ফোর্সেস গোল-২০৩০’ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করা হলে সেনাবাহিনীর দক্ষতা আরও বাড়বে।শেখ হাসিনা বলেন, ঢাকা সেনানিবাসে কর্মকর্তাদের আবাসনের প্রকট সমস্যা সমাধানে বহুতল আবাসস্থল নির্মাণের কাজ চলছে। আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন হলে এ সমস্যা নিরসন হবে। এ ছাড়া কর্মকর্তাদের জমি বরাদ্দের প্রক্রিয়াও চলছে।