বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপির এক সাংসদের কটূক্তি নিয়ে গতকাল বুধবার রাতে জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি ও বিরোধী দলের সাংসদদের মধ্যে শুরু হয় উত্তেজনা, হইচই, হট্টগোল। এ সময় বিএনপির একজন সাংসদ সরকারি দলের একজনের দিকে তেড়েও যান। সংসদের চিফ হুইপ আবদুস শহীদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ উভয় পক্ষের কয়েকজন সদস্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বিএনপির সদস্যরা ওয়াকআউট করেন।এ নিয়ে পর পর তিন দিন বিএনপি ওয়াকআউট করল। গত মঙ্গলবার জিয়াউর রহমানকে ‘খুনি’ ও ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট’ বলার প্রতিবাদে বিএনপি ওয়াকআউট করে। সোমবার বিরোধী দল ওয়াকআউট করেছিল পাঁচ জঙ্গি গ্রেপ্তার এবং বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ নিয়ে আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের প্রতিবাদে।রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা পর্বে গতকাল রাতে সংরক্ষিত আসনে বিএনপির সাংসদ শাম্মী আক্তারের বক্তব্যের পর দুই পক্ষে এ উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ সময় সংসদে ছিলেন না। খালেদা জিয়া ১০ মাস পর ১১ ফেব্রুয়ারি বিরোধী দলের সংসদে ফেরার দিনে সংসদে এসেছিলেন।শাম্মী আক্তার তাঁর বক্তব্যে বলেন, শেখ মুজিব মারা যাওয়ার পর এক লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা বলেছিলেন, ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেল। শেখ মুজিব মারা যাওয়ার পর দেশের মানুষ তো দূরের কথা, আওয়ামী লীগের নেতারা ইন্না লিল্লাহি বলেননি।সংসদের চিফ হুইপ আবদুস শহীদ এ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানালে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।’ এর পর আওয়ামী লীগের সাংসদেরা দাঁড়িয়ে ওই বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। ডেপুটি স্পিকার বলেন, ‘অসংসদীয় ভাষা ব্যবহার করলে তা এক্সপাঞ্জ হবে।’এ সময় বিরোধী দলের সাংসদেরা বক্তব্য দিতে চাইলে ডেপুটি স্পিকার ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে সরকারি দলের ইকবালুর রহিমকে মাইক দেন। ইকবালুর রহিম রাত সাতটা ৫৮ মিনিটে শাম্মী আক্তারের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘বিরোধীদলীয় নেতা এখানে থাকলে বঙ্গবন্ধুকে ফেরাউন না, ফেরেশতা বলতেন। বেগম খালেদা জিয়াকে জিয়াউর রহমান ঘরে নিতে চাননি।’বিএনপির সাংসদেরা চিত্কার করে এ বক্তব্যের প্রতিবাদ জানান। এ সময় বিরোধী দলের সাংসদদের বাঁ দিকে থাকা মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ জয়নাল আবেদীন বিএনপির সাংসদদের উদ্দেশে বলেন, ‘চুপ কর, চুপ কর’। এ সময় বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ধর শালা’। জয়নাল আবেদীন উঠে দাঁড়ালে এ্যানী তেড়ে তাঁর দিকে যাওয়ার চেষ্টা করেন। চিফ হুইপ আবদুস শহীদ, বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক, নাসিম ওসমান, সাগুফতা ইয়াসমীন, জাহিদ আহসান রাসেলসহ দুই পক্ষের কয়েকজন এগিয়ে এসে তাঁদের শান্ত করেন।বিরোধীদলীয় সাংসদেরা ডেপুটি স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা ফাইল ও কাগজপত্র ছুড়ে মারেন। এ সময় দুই পক্ষই চিত্কার-চেঁচামেচি করতে থাকে। রাত আটটা পাঁচ মিনিটে বিএনপি ওয়াকআউট করে।পরে ইকবালুর রহিম তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বুঝিয়ে খালেদা জিয়ার সংসার ঠিক রাখেন।’এর আগে জাতীয় পার্টির নাসিম ওসমান রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ দিতে গিয়ে বলেন, ‘ইসলামের কথা ও ভারত বিরোধিতার রাজনীতি এখন শেষ হয়ে গেছে।’ তিনি বিরোধী দলকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ঠিক না হলে আগামী নির্বাচনের পর আপনারা দেশান্তরিত দল হবেন। আপনাদের দুরবিন দিয়ে খুঁজতে হবে।’ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে পয়েন্ট অব অর্ডারে তারানা হালিম বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ সংসদে যখন ধর শালা বলা হয়, তখন আমাদের লজ্জা করে। সাংসদ হয়েও বিএনপির নারীরা যে আচরণ আজ করেছেন, তাতে আমাদের লজ্জা করছে।’ তিনি বলেন, ‘সংসদে আমরা এ ধরনের কথা ঠেকাতে না পারলে আপনারা (দর্শকেরা) দয়া করে টিভির সুইচ বন্ধ করে দেবেন।’সাংবাদিকদের ওপর নির্যাতন প্রসঙ্গ: এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির মওদুদ আহমদ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে উদ্ধৃত করে সংসদকে জানান, গত ১৪ মাসে দেশে ৩২৪ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। নিহত হয়েছেন তিনজন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়ে গেছে। সাংবাদিকদের নিরাপত্তা নেই। নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গাড়িতে হামলা হয়েছে। সাংবাদিক নির্যাতন হলেও সরকার নির্বিকার।’ তিনি কী কারণে সাংবাদিকদের ওপর আক্রমণ হচ্ছে, তা অনুসন্ধানের জন্য সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেন।জবাবে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন হলে অবশ্যই বিচার করতে হবে। কবে থেকে সাংবাদিকদের ওপর নির্যাতন শুরু হয়েছে, তা সবাই জানে। এখন আমার দেশ পত্রিকার অসত্য তথ্য উপস্থাপন করে তিনি (মওদুদ) উসকানি দিচ্ছেন। ওই পত্রিকাটি এখন জনগণের পত্রিকা নয়, বিএনপির পত্রিকা।’সাজেদা চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সাংবাদিকদের ওপর নির্যাতন-অত্যাচার শুরু হয়েছে। হত্যা করা হয়েছে বালু-মানিক সাহার মতো সাংবাদিকদের। তারা শুধু সাংবাদিকদের হত্যা করেই ক্ষান্ত হয়নি, বিচার পর্যন্ত করেনি।’