আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদে এসে মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘বিরোধী দল মধ্যবর্তী নির্বাচন চাইবে, এটা স্বাভাবিক। তবে সংসদে এসে বলুন, বাইরে নয়। সংসদে এ বিষয়ে বিতর্ক হবে। তখন বলতে পারব, কেন মধ্যবর্তী নির্বাচন দেওয়া সম্ভব নয়।’আজ রোববার মিরপুরে বেড়িবাঁধ এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের বড়বাজারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শনিবার এক অনুষ্ঠানে সরকারের কাছে মধ্যবর্তী নির্বাচন দাবি করেন। সৈয়দ আশরাফ বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো দৃষ্টান্ত নেই। নির্ধারিত মেয়াদের আগে কেউ ক্ষমতা ছাড়েনি। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনারা ক্ষমতা ছেড়ে মধ্যবর্তী নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেননি। আপনারা যেটা করেননি, সেটা প্রত্যাশা করেন কীভাবে। তবে যত কথা আছে সংসদে এসে বলুন।’খালেদা জিয়া জনগণকে দেওয়া কথা বরখেলাপ করেছেন বলে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচনের আগে জনগণকে বলেছিলেন, “আমাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ দিন”। কিন্তু নির্বাচিত হয়ে আপনি তা করছেন না।’১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংসদ আসলামুল হক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান প্রমুখ।