গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে বাকস্বাধীনতা নেই। সংসদে ৩০০ লোক বসে আছেন। অথচ কেউ কথা বলেন না। সবাই বোবার মতো বসে থাকেন। বর্তমান সংসদ একটি বোবা সংসদ। চার মিনিটে ৪০০ বছরের ঢাকাকে দুই ভাগ করা হলো, সংবিধানে ধর্মনিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম বসিয়ে দেওয়া হলো, শেয়ারবাজার লুট হয়ে গেল—এর প্রতিবাদে সংসদে কয়জন লোক মুখ খুলেছেন?গণফোরামের চতুর্থ জাতীয় কাউন্সিলে সভাপতির ভাষণে ড. কামাল এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ কাউন্সিলে তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আল্লাহ আপনাদের মুখ দিয়েছেন কথা বলার জন্য। চোখ দিয়েছেন দেখার জন্য। কান দিয়েছেন শোনার জন্য। অথচ আপনারা সংসদে কথা বলেন না। কেন, আল্লাহ কি আপনাদের বোবা করে বানিয়েছেন? এখন মুখ, কান, চোখ খোলার সময় হয়েছে। ’কামাল হোসেন বলেন, ‘সৈয়দ আশরাফ, ডেপুটি স্পিকার শওকত আলীসহ কয়েকজন মুখ খুলতে শুরু করেছেন। এটা ভালো লক্ষণ। মনে রাখতে হবে, কালো কোট পরে বোবার মতো বসে থাকলে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করা হয়।’ ড. কামাল আরও বলেন, ক্ষমতার মালিক জনগণকে প্রজা বানিয়ে দেওয়ার রোগ ঢুকেছে রাজনীতিতে। দলগুলো মনোনয়ন-বাণিজ্য করে জিতে এসে দেশের মানুষকে প্রজা বানিয়ে দিচ্ছে। মানুষকে প্রজা বানিয়ে কিছু লোক বলছে, এটাই গণতন্ত্র। কিন্তু এটা গণতন্ত্র নয়। এভাবে দেশ চলতে পারে না। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আকবর আলি খান বলেন, গণতন্ত্রের প্রধান শর্ত হলো, সবার সমন্বয়ে দেশ শাসন করা। অথচ এখানে পাঁচ বছরের জন্য যাঁরা জেতেন, তাঁরা দেশের মালিক বনে যান। সংসদে বেশির ভাগ লোক বিত্তশালী। তাঁরাই সংসদকে নিয়ন্ত্রণ করছেন, যে কারণে গণতন্ত্র কাজ করছে না। গণতন্ত্র পরিচালিত হবে যোগ্যতর লোক দিয়ে। অথচ এখানে সেটা পরিচালিত হচ্ছে খারাপ লোক দিয়ে। গণতন্ত্রের মানে হলো সহিষ্ণুতা। অথচ এখানে নেতা-নেত্রীরা যে ভাষায় বক্তব্য দেন, তাতে সংঘাতময় পরিস্থিতিতে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে। রাজনীতিকেরা মনে রাখেন না যে রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, তাতে আদর্শও থাকতে হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, দেশে গণতন্ত্র নেই। এখন চলছে চাটুকারের জামানা। রাজনৈতিক কর্মী নেই, রাজনৈতিক কর্মচারীতে দেশ ভরে গেছে। আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, এখন সবাই আনুগত্যের রাজনীতি করেন। নেতারা কর্মী পছন্দ করেন না, চামচা পছন্দ করেন। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল, ফরোয়ার্ড পার্টির সভাপতি মোস্তফা আমীন, আওয়ামী লীগ থেকে সম্প্রতি পদত্যাগ করা নারায়ণগঞ্জের নেতা এস এম আকরাম প্রমুখ।