আওয়ামী লীগের নেতারা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘সংসদে গিয়ে জাতির জন্য কথা বলুন। সরকার ও জনগণ তা শুনবে। সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাবেন না। আন্দোলনের নামে চক্রান্ত ও ষড়যন্ত্র করে ছাড় পাওয়ার সুযোগ নেই।’আজ মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গুলশান ১ নম্বর মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া আদালতের রায় নিয়ে বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্যের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমাদের সংবিধান ছাড়া বিশ্বের কোথাও নেই। এটি বাতিল করলে দেশ ও গণতন্ত্র কীভাবে সংকটে পড়বে, তা জানতে চাই।’ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনারা আগে অনেক নাটক করেছেন। সেটা জাতি ভুলে যায়নি। কিন্তু এখন আবার তা নিয়ে সাফাই করছেন কেন, সেটা জাতি জানতে চায়।’সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতেন। কিন্তু তিনি ক্ষমতার লোভ দেখাননি। তাঁর এ সঠিক রায়কে আমরা শ্রদ্ধা জানাই।’ বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে কী কী অসংগতি আছে, সংসদে গিয়ে পরামর্শ দিন।’এ কে এম জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এম এ আজিজ, সাংসদ কামাল আহমেদ মজুমদার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এ কে এম রহমত উল্লাহ, শাহে আলম মুরাদ প্রমুখ।