সংসদে গিয়ে সময় অপচয় করতে চায় না বিএনপি
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে উপস্থাপনের জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনা হবে—এ নিশ্চয়তা পেলে অবশ্যই সংসদে যাবে বিএনপি। আর তা না হলে বিএনপি সংসদে গিয়ে সময় অপচয় করতে চায় না।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ অনুষ্ঠানের আয়োজন করে।আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গত পৌনে চার বছরে সংসদে শত শত নোটিশ দিয়েছে বিএনপি। কিন্তু কোনো নোটিশেই আলোচনা হয়নি। এখন আওয়ামী ঘরানার অনেকেই বলছেন, বিএনপির সংসদে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরা উচিত।জয়নুল আবদিন অভিযোগ করে বলেন, পৌনে চার বছরে যেখানে কোনো নোটিশের আলোচনা হয়নি; সেখানে বিএনপির এ বক্তব্য কখনোই আমলে নেওয়া হবে না। কাল মঙ্গলবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।স্পিকারের রুলিং নিয়ে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আগামীকাল থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আশা করব সুরঞ্জিত, সেলিম সাহেবরা সংসদে সরব হবেন।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, কীভাবে আন্দোলন করতে হয়, খালেদা জিয়া তা জানেন। তিনি জানেন, কী করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আপনাদের উপদেশে বিএনপি কর্মসূচি দেবে না।‘আবুল গং, মোদাচ্ছের গং হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন’—এমন অভিযোগ এনে জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকারের আমলে যত হাজার কোটি টাকা তাঁরা লুটপাট করেছেন, তার হিসাব দিতে হবে।