সংসদে গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি করেছিল বিএনপি। কিন্তু সরকারি দল আওয়ামী লীগ এতে সাড়া দেয়নি। পরে বিএনপির অনুপস্থিতিতে সরকারি দল বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করে। আবার ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি করেছিল তত্কালীন বিরোধী দল আওয়ামী লীগ। কিন্তু তখনো সরকারি দল বিএনপি বিরোধী দলের আহ্বানে সাড়া দেয়নি।ক্ষমতায় থাকলে এভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনায় অনাগ্রহ দেখায় দুই বড় দলই। আবার সরকার বা বিরোধী দল যে অবস্থাতেই থাকুক, ব্যক্তিগত আক্রমণ, একে অপরকে কটাক্ষ করা ও উসকানি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকেন না দুই দলের সাংসদেরা। সংসদীয় গণতন্ত্রে সংসদ রাষ্ট্রের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হলেও ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনা বারবার সংসদ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।আওয়ামী লীগ-বিএনপির নির্বাচনী ইশতেহারে সংসদকে কার্যকর করার অঙ্গীকারের কথা আছে। তবে লক্ষ করা যাচ্ছে, সংসদে জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে দুটি দলই একে অপরকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোজাফ্ফর আহমদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সংসদকে সত্যিকার অর্থে কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংসদদের কথা বলতে হবে। আইন প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংসদদের কাছে জাতির প্রত্যাশা অনেক। কিন্তু বর্তমানে সংসদে যেভাবে তাঁরা রাস্তার বক্তৃতা করছেন, তা দুঃখজনক।আওয়ামী লীগের সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে বলেন, সংসদে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া ঠিক নয়। তবে এটা ঠিক, রাজনীতি যখন দ্বন্দ্বমুখর হয়ে ওঠে, আর পরস্পরের প্রতি যখন শ্রদ্ধাবোধ থাকে না তখন তার প্রতিফলন সংসদে ঘটবেই। এ জন্যই নিরবচ্ছিন্ন গণতন্ত্রচর্চা প্রয়োজন। টানা ১০ মাসের ওয়াকআউটের পর ১১ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে যোগ দেয় বিএনপির নেতৃত্বাধীন চার দলের সাংসদেরা। গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সংসদে ফেরার আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, বিরোধী দল সংসদে আসুক এবং যত খুশি কথা বলুক।অন্যদিকে সংসদে ফেরার সিদ্ধান্ত নিয়ে ৪ ফেব্রুয়ারি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিভিন্ন জাতীয় ইস্যুতে আলোচনার জন্য বিএনপি ও চার দলের শরিক দলগুলো সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে খালেদা জিয়ার নিরাপত্তা, কারা ও পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা, টিপাইমুখ বাঁধ, সম্প্রতি ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক, শিক্ষাপ্রতিষ্ঠানে খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ ৫৯টি বিষয়কে চিহ্নিত করেছিল বিএনপি।বিস্ময়ের ব্যাপার হলো, নিজেদের অঙ্গীকার থেকে সরে গিয়ে সংসদে সরকার ও বিরোধী দল এখন কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত।সংসদের চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে জিয়ার লাশ আছে কি না, এ রকম সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে জিয়ার লাশ নেই। সেখানে একটি বাক্স আছে।’ তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে তাঁর লাশ বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে বলে জনশ্রুতি আছে। জিয়ার লাশের ডিএনএ টেস্ট করার দাবি জানিয়ে সাংসদ শেখ সেলিম বলেন, আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ নিয়ে এসে জিয়ার লাশের ডিএনএ পরীক্ষা করা হোক।দলীয় ও সরকারপ্রধানকে খুশি করতে সংসদে প্রতি দিনই এখন আওয়ামী লীগের কোনো না কোনো সাংসদ এভাবে বক্তব্য দিচ্ছেন। লক্ষ্মীপুরের সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুনি বলে আখ্যা দেন। অন্যদিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে গিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সাংসদ আশিফা আশরাফীও বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেন।তবে গতকাল শহীদউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনিও মনে করেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে কথা বলতে হবে। কিন্তু সরকারি দল সেটি হতে দিচ্ছে না। এ জন্য সরকারি দলের বক্তব্য খণ্ডন করতে গিয়েই নানা অপ্রাসঙ্গিক বিষয় আলোচনায় আসছে, যা দুঃখজনক।এর আগে ১১ ফেব্রুয়ারি সংসদে যোগ দিয়ে বিএনপি চার ঘণ্টা পরে ওয়াকআউট করে। দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার করা। বক্তব্যটি ছিল ‘খুনি মোশতাক-জিয়া চক্র স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে লালন পালন এবং রাজনৈতিকভাবে পুনর্বাসন করেছে।’ এরপর ১৫ ফেব্রুয়ারি দুই দফা ওয়াকআউট করে বিএনপি। এর মধ্যে প্রথমবার ওয়াকআউটের কারণ ছিল সাংসদ মওদুদ আহমদকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে না দেওয়া। যদিও তার আগে বিএনপির দুই সাংসদকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার বিএনপি ওয়াকআউট করে আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম জিয়াউর রহমানকে খুনি বলায়। আবার গতকালও বিএনপি ওয়াকআউট করে।যোগাযোগ করা হলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সাংসদেরা সংসদে যেসব আচরণ করছেন, এক কথায় তা অগ্রহণযোগ্য। তিনি বলেন, জনগণের করের টাকায় বাতানুকূল সংসদে গিয়ে এভাবে উসকানিমূলক বক্তব্য দেওয়ার জন্য মানুষ তাঁদের সংসদে পাঠায়নি। তিনি বলেন, এ জন্যই সাংসদদের একটি আচরণবিধি থাকা দরকার। কীভাবে তাঁরা সংসদে কথা বলবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট বিধিবিধান থাকা উচিত।প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী সম্প্রতি একটি বেসরকারি বিল এনেছিলেন। যেখানে সাংসদদের আচরণবিধি সম্পর্কে বলা ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, সাংসদদের আচরণবিধি থাকা উচিত, এই বিবেচনায় বিলটি আনা হয়েছে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কটূক্তি দুঃখজনক। তবে সত্য কথা বলতে হবে। সত্য গ্রহণ করার মানসিকতাও থাকতে হবে। তাঁর মতে, সংসদে অনেক গঠনমূলক আলোচনা হয়। কিন্তু গণমাধ্যমে সেগুলো প্রকাশ না হয়ে শুধু নেতিবাচক বিষয়ই উঠে আসে। সম্ভবত এ কারণে অনেকে নেতিবাচক আলোচনায় উত্সাহ দেখান।