যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে গতকাল রোববার জাতীয় সংসদে আলোচনা-সমালোচনা হয়েছে। একইভাবে জামায়াতের সঙ্গে সংলাপে বসা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বক্তব্যকেও সরকারি দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একাধিক সংসদ সদস্য জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি জানান।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম শরিয়া আইন সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন। সংবিধান সংশোধন করে এ আইন চালু করা হবে কি না, তিনি তা সংসদে জানতে চাইলে এই আলোচনার সূত্রপাত হয়। তবে এ সময় প্রধানমন্ত্রী সংসদে ছিলেন না। এ সময় ক্ষমতাসীন মহাজোটের সাংসদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন শরিয়া আইন নিয়ে বিভ্রান্ত হয়েছেন বলে জানান। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রচলিত আইনই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে অনুষ্ঠিত এই আলোচনায় সম্প্রতি পুলিশের ওপর জামায়াত-শিবিরের আক্রমণসহ নানা বিষয়ে এক অনির্ধারিত আলোচনা হয়। আলোচনা শুরু করে ফজলুল আজিম বলেন, শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সর্বমহলে ঔৎসুক্য ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এ আইন সংবিধান পরিপন্থী। তিনি প্রশ্ন করেন, ‘আমরা এ আইনের দিকে যাচ্ছি কি না, এ আইন প্রচলন হবে কি না।’জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে নেই। তিনি কেন এ বক্তব্য দিয়েছেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, তা তিনি বলতে পারবেন। আমি বলতে পারব না। প্রধানমন্ত্রী যখন সংসদে আসবেন, তখন তিনি এ বিষয়ে বলতে পারবেন।’পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী কথার ছলে এ কথা বলেছেন। তাঁরা লাফালাফি করেন, বলেন, আল্লাহর আইন চাই, অমুকের শাসন চাই। তাঁরা যদি তা-ই চান, প্রধানমন্ত্রী সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথকে বাধাগ্রস্ত করতে পুলিশের ওপর আক্রমণ করা হচ্ছে। জামায়াতের এ কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত। ভেবেছিলাম, বিএনপি ভারতবিরোধী অবস্থানের ভুল থেকে শিক্ষা নিয়ে বাস্তবতায় আসবে। তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করবে।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবই। পুলিশের ওপর হামলা কেউ ভালোভাবে নিচ্ছে না। পুলিশ ধৈর্যের পরিচয় দিচ্ছে। অন্য সময় হলে গুলি করত।’ এ প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেবল কথা না বলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতি। আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার কার্যক্রম চলছে। যুব সমাজ অধীর আগ্রহ নিয়ে এ বিচার কার্যক্রম দেখতে চায়। এ অবস্থায় বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করেছেন। তিনি বলেন, জামায়াত বিভিন্ন স্থানে পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করছে। পুলিশ ধৈর্যের পরিচয় দিচ্ছে। মতিয়া চৌধুরী বলেন, ‘একটি শক্তিধর দেশ জামায়াতের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে। তার দেশের পুলিশের ওপর যদি কেউ আক্রমণ চালাত, তাহলে তারা কি তাদের সঙ্গে প্রেমালাপ করত? তার এ বক্তব্য মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের উৎসাহিত করবে। আক্রমণকারীদের সঙ্গে যারা বসার কথা বলে, তা আক্রমণকারীদের শক্তি জোগায়। শক্তি থাকলেই ঘাড় ধরে কিছু করানো যায় না। একাত্তর সালে তা প্রমাণিত হয়েছে। তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।’সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, খালেদা জিয়া শহীদের রক্তে রঞ্জিত পতাকা যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছেন। বর্তমান সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিচার করছে। এমনকি সুপ্রিম কোর্টে আপিল করার বিধানও রাখা হয়েছে। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, আইনমন্ত্রীর গাড়িবহরে হামলার জন্য তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। আর কেউ যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে বাধা দেওয়া আইনি অপরাধ। জামায়াত এ দাবি করার সঙ্গে সঙ্গে তারা আইন ভঙ্গ করেছে। এ অপরাধে তাদের আইনের আওতায় আনা যায়। ইনু নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, যে দল আইনের বিরুদ্ধে দাঁড়ায়, সে দল নিবন্ধিত গণতান্ত্রিক দল থাকতে পারে কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে।আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের ফজলে রাব্বী ও জাতীয় পার্টির মুজিবুল হক।