জামায়াতে ইসলামী ও তাদের সমর্থিত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন সরকারদলীয় একাধিক সাংসদ। গতকাল বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এ দাবি জানান।বক্তারা বলেন, যারা নির্মমভাবে হত্যা করে লাশ গর্তের মধ্যে পুঁতে রাখে, রগ কাটে, তাদের রাজনীতি করার অধিকার নেই। শিবিরের রাজনীতি করার অধিকার থাকবে কি না, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সাংসদেরা এ ব্যাপারে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেন। স্পিকার আবদুল হামিদ এ সম্পর্কে দেওয়া এক রুলিংয়ে বলেন, ‘এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে বিষদভাবে অবহিত করতে হবে। আশা করি যথাসম্ভব দ্রুততার সঙ্গে তা করা হবে। এটা করা উচিত।’রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনা তুলে ধরে সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে অভিযোগ করে বলেন, জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রাজশাহীতে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পরই ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। স্বাধীনতাযুদ্ধের সময় তারা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে হত্যা, লুটপাট, নির্যাতন, নারী ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ করেছে। রগকাটা, ম্যানহোলে লাশ রাখার মতো নৃশংস ঘটনা এরাই ঘটাতে পারে। আজ গণতান্ত্রিক সরকার ক্ষমতায়। দেশের ১৫ কোটি মানুষ এদের বিরুদ্ধে। তাই সময় এসেছে এদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ঢাকায় কমিশনার হত্যা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করে তিনি বলেন, স্থিতিশীল রাজনীতি ও গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটানো হচ্ছে। সরকারি দলের সাংসদ ফজলে রাব্বী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিবিরের রগকাটা রাজনীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্তৃক ছাত্র হত্যা একই সূত্রে গাঁথা।’ ফজলে রাব্বী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সংসদকে অবহিত করার দাবি জানিয়ে বলেন, ‘পুলিশ সময়মতো যায়নি। মতিহার থানার ওসি সেখানে ছিলেন না। এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে জানাতে হবে।’ রাজশাহীর সাংসদ জিন্নাতুন নেসা তালুকদার রাজশাহীর ছাত্রহত্যার ঘটনায় আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘নিজামী এমন কী মন্ত্র দিয়ে এলেন যে তিনি আসার পরই ফারুক নিহত হলো। চারজন ছাত্রের রগ কাটা হলো। বিরোধীদলীয় নেত্রী এ খুনের ব্যাপারে কী জবাব দেবেন?’ গতকাল সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন, শামসুর রহমান শরীফ, অপু উকিল, এস কে আবু বাকের, রফিকুল ইসলাম, আশরাফ আলী খান, সাধনা হালদার, আবদুল মজিদ খান প্রমুখ। আলোচনা শেষে সংসদের বৈঠক আজ বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়। পাঁচটি বিল উপস্থাপন: সংসদে গতকাল বুধবার পাঁচটি বিল উপস্থাপিত হয়। সব কটি বিলই পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটিতে পাঠানো হয়েছে। বিল পাঁচটি হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিল-২০১০, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি বিল-২০১০, বাংলাদেশ হাইটেক পার্ক টেকনোলজি বিল-২০১০, বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (বেনসডক) বিল-২০১০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বিল-২০১০। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলগুলো উপস্থাপন করেন।