সংসদে ডিমিউচুয়ালাইজেশন বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করতে ‘একচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন বিল ২০১৩’ আজ রোববার সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। আইনে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জগুলো তাদের প্রস্তাবিত ‘ডিমিউচুয়ালাইজেশন স্কিম’ প্রয়োজনীয় কাগজপত্রসহ বিএসইসিতে জমা দেবে, যা পরবর্তী ৬০ দিনের মধ্যে সংস্থাটি অনুমোদন দেবে। এর মধ্য দিয়ে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে।আইনের ১৫ ধারায় বলা হয়েছে, এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পরিচালনা পর্ষদ প্রথম সভার আয়োজন করবে। ডিমিউচুয়ালাইজেশন হওয়া এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন। পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করবে। আইনের ২০ ধারায় বলা হয়েছে, এক্সচেঞ্জ বা তার পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা বা আইনে উল্লেখ আছে এমন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই আইনের কোনো বিধান পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা জরিমানা অথবা এক্সচেঞ্জের নিবন্ধন সনদ স্থগিত করা যাবে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, একচেঞ্জের লেনদেনের অধিকার থেকে মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক না হলে স্বার্থের সংঘাত সৃষ্টি হয় এবং বিনিয়োগকারীর স্বার্থ তথা জনস্বার্থ ব্যাহত হয়। এই আইন প্রণয়নের ফলে স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে প্রতিযোগিতা, পরিচালন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বৃদ্ধি পাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।এ ছাড়া, আজ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল ২০১৩’ সংসদে পাস হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। শিক্ষাসনদ ও জন্মনিবন্ধন সনদ অনুযায়ী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিধান রেখে পাস হয়েছে ভোটার তালিকা (সংশোধন) বিল ২০১৩। বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।